নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আরও বাড়বে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ, সোমবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। আছে সমুদ্র উত্তাল হওয়ারও আশঙ্কা। এজন্য মঙ্গল ও বুধবার পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকার জন্য আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল, সেটি এই ঘূর্ণাবর্তের সঙ্গেই যুক্ত হয়েছে।



