নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গ এবং লাগোয়া রাজ্যগুলিতে বৃষ্টির ঘাটতি কমুক। এজন্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অপেক্ষায় তাকিয়ে আবহাওয়াবিদরা। জুলাই মাসের প্রথম সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের উপর চলতি বর্ষা মরশুমের প্রথম নিম্নচাপে পরিণত হতে পারে। জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। নিম্নচাপের আশা এবং মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সরে আসার উপর ভরসা করা হচ্ছে। তার ভিত্তিতে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন প্রাথমিক পূর্বাভাস দিয়েছে। তাতে চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী (২৪ ঘণ্টায় ৭০-১১০ মিমি পর্যন্ত) থেকে অতিভারী (২০০ মিমি পর্যন্ত) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার, ৫ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ওইদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। তার আগে ১ জুলাই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায় এবং ৪ জুলাই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আপাতত দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বেশি মাত্রায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের অংশে—পাহাড়ে এবং তার লাগোয়া এলাকায়। সোমবার দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ায় ঝড়বৃষ্টির ‘কমলা’ ও ‘লাল’ সতর্কতা জারি করা হয়।



