Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক, দমদম ও গড়িয়ায় ভারি বৃষ্টি, বাজ পড়ে কেষ্টপুরে অগ্নিকাণ্ড

রবিবার দুপুরে প্রবল বৃষ্টিতে ভাসল বিধাননগর ও সল্টলেক। সঙ্গে ছিল প্রবল বজ্রপাত। তার জেরে কেষ্টপুরের হানাপাড়ায় বাজ পড়ে একটি দোতলা বাড়িতে আগুন লেগে যায়।

সল্টলেক, দমদম ও গড়িয়ায় ভারি  বৃষ্টি, বাজ পড়ে কেষ্টপুরে অগ্নিকাণ্ড
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: রবিবার দুপুরে প্রবল বৃষ্টিতে ভাসল বিধাননগর ও সল্টলেক। সঙ্গে ছিল প্রবল বজ্রপাত। তার জেরে কেষ্টপুরের হানাপাড়ায় বাজ পড়ে একটি দোতলা বাড়িতে আগুন লেগে যায়। একইভাবে দমদম, ইএম বাইপাস,পাটুলি ও গড়িয়া এলাকাতেও কিছু সময় ভারী বৃষ্টি হয়। বিভিন্ন রাস্তা ও নিচু  জায়গায় জল জমে যায়।

Advertisement

এদিন দুপুরে সাড়ে ১২টা নাগাদ বিধাননগর এলাকায় আচমকাই মেঘ ঘনিয়ে আসে। শুরু হয় প্রবল বৃষ্টি। এরপর শুরু হয় প্রবল বজ্রপাত ও ঝড়ো হাওয়া।  ওইসময় কেষ্টপুর হানাপাড়ার একটি বাড়িতে বাজ পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোতলা বাড়িতে বড় অংশ পুড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর নেই। তবে বাড়িটির ক্ষতি হয়েছে। সম্ভবত বাজ পড়ার জন্য ওই বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা জানান, বাড়িতে আগুন লাগলেও বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আবাসিকরা। এলাকাবাসী দ্রুত উদ্ধার কাজে হাত লাগানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দু’জন দমকল কর্মীর আঘাত লেগেছে। ওই বৃষ্টির জেরে সল্টলেক, কেষ্টপুরের বেশ কিছু জায়গায় সাময়িক জল জমেছিল। যদিও পরে সেই জল নেমে যায়। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এদিন সল্টলেক এলাকায় ৪২.৮ মিলিমিটার বৃষ্টি হয়। দমদম এলাকাতেও ৪.৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু রাজ্যের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়লে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তাতেই নানা এলাকায় বৃষ্টি হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ