Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে ব্যাপক শিলাবৃষ্টি, শুধু দমদমে ৫৫ কিমির ঝড়!, বিকেলে আচমকা বৃষ্টি, চলবে আগামী দু’দিন

পূর্বাভাস ছিল শুক্রবার বজ্রগর্ভ মেঘ আকাশ ছেয়ে ফেলবে। ঝড়-বৃষ্টি হবে। পূর্বাভাস উল্টে বৃহস্পতিবারই চলে এল বৃষ্টি।

সল্টলেকে ব্যাপক শিলাবৃষ্টি, শুধু দমদমে ৫৫ কিমির ঝড়!, বিকেলে আচমকা বৃষ্টি,  চলবে আগামী দু’দিন
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বাভাস ছিল শুক্রবার বজ্রগর্ভ মেঘ আকাশ ছেয়ে ফেলবে। ঝড়-বৃষ্টি হবে। পূর্বাভাস উল্টে বৃহস্পতিবারই চলে এল বৃষ্টি। দুপুর থেকে কলকাতা লাগোয়া অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টি। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দমদমে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫৫ কিলোমিটারে পৌঁছে গিয়েছিল। সঙ্গে মুষলধারে বৃষ্টি। প্রায় আধঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার দাপট ছিল সল্টলেক, বরানগর এবং উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়। বেলেঘাটায় এদিন একপশলা বৃষ্টি হয়। শুক্র ও শনি কলকাতা ও শহরতলিতে বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ ও লাগোয়া উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রতল থেকে দেড় কিলোমিটার পর্যন্ত সেটি বিস্তৃত। বঙ্গোপসাগর থেকে বেশিমাত্রায় জলীয় বাষ্প ঢোকায় এবং বায়ুপ্রবাহের অনুকূল পরিস্থিতির কারণে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরির উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। প্রসঙ্গত কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরির কয়েক ঘণ্টা আগে আবহাওয়ার দপ্তর এলাকাভিত্তিক পূর্বাভাস জারি করে।
বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছিল আবহাওয়া অফিস। বিকেল চারটে নাগাদ জারি করে কমলা সতর্কতা। দুপুর থেকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরির সতর্কবার্তাও দেওয়া হয়। কমলা সতর্কতা দুই দক্ষিণ ২৪ পরগনাতেও জারি হয়। বিকেলের পর থেকেই উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতায় ঝড়বৃষ্টির প্রকোপ দেখা দেয়। দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হয় বৃষ্টি। প্রথমে হালকা তারপর প্রবল মেঘের গর্জন এবং শিলাবৃষ্টি শুরু হয় কিছু জায়গায়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি চলে। 
বর্ষণের পর পানিহাটি, উত্তর দমদম, বরানগর সহ উত্তর শহরতলির বিভিন্ন নীচু জায়গায় জল জমে যায়। ছোটো আকারের শিলা অল্পসময় ধরে পড়েছে। তবে বড়ো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সল্টলেকের করুণাময়ীতেও হয়েছে ব্যাপক শিলাবৃষ্টি। বৃষ্টি শুরুর আগে শিলা পড়তে শুরুর করে। তারপর ধীরে হাওয়ার দাপট ও বৃষ্টির প্রকোপ বাড়ে। বিকেলে উত্তর শহরতলির দমদম ও লাগোয়া এলাকায় স্থানীয়ভাবে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ফলে সেখানে ঝড়-বৃষ্টি বেশি হয়। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে দমদমে এদিন ২৭ মিলিমিটার ও সল্টলেকে ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হবিবুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার ঝড়-বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিন তার সম্ভাবনা আছে। তবে ওই সময়ের জন্য আপাতত দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি নেই।

সম্পর্কিত সংবাদ