মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তর ২৪ পরগনায়  নাগরিকত্বের শংসাপত্র দিতে শুনানিতে জোর
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিএএ অনুযায়ী নাগরিকত্বের শংসাপত্র দিতে গড়িমসির অভিযোগ উঠেছিল। তাই গত ১ নভেম্বর ঠাকুরবাড়িতে এসে আবেদনকারীদের দ্রুত নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরেই নড়েচড়ে বসেছেন উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই এক লক্ষ আবেদনকারীর মধ্যে ৭৫ শতাংশের শুনানি শেষ হয়ে গিয়েছে। বাকিদের শুনানি আগামী ২৮ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।

Advertisement

বিধানসভা ভোটের আগে বিতর্কিত এসআইআরের জেরে উত্তর ২৪ পরগনায় মতুয়া, উদ্বাস্তু সহ কয়েক লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। ভোটাধিকার হারিয়ে তাঁরা চরম উদ্বেগ ও দুঃশ্চিন্তায় ছিলেন। ট্রাইবুনালে আবেদন করেও অনেকের নাম বাদ পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে বিজেপি আশ্বাস দিয়ে বলেছিল, বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সিএএ অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে। কেউ আতঙ্কিত হবেন না। ভোটের ফলাফলে স্পষ্ট, মানুষ বিজেপির আশ্বাসে ভরসা রেখেছিল। নাগরিকত্ব পেতে সিএএতে বহু মানুষ আবেদন করেছিলেন। কিন্তু ব্যবস্থার সরলীকরণ না হওয়ায় আবেদন করলেও নাগরিকত্বের শংসাপত্র মিলছিল না।এই পরিস্থিতিতে মতুয়া সহ উদ্বাস্তুদের ক্ষোভের আঁচ পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ্ধতির সরলীকরণ করে। গত ১ নভেম্বর আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে ঠাকুরবাড়িতে এসে সিএএ-তে আবেদনকারীদের শুনানি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নড়েচড়ে বসে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে ছ’জন জন আইএএস আধিকারিককে। এছাড়াও এই কাজের দায়িত্বে রয়েছেন ২৬ জন ডব্লুবিসিএস অফিসার। রবিবার বাদ দিয়ে অন্যান্য ছুটির দিনেও বারাসতের জেলাশাসকের অফিসে দ্রুততার সঙ্গে এই শুনানি প্রক্রিয়া চালানো হয়েছে। জেলা প্রশাসনের দাবি, মোট এক লক্ষ আবেদনের মধ্যে প্রায় ৭৫ হাজার আবেদনের শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বাকি আবেদনগুলির শুনানি আগামী ২৮ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। কয়েকজন শুনানির দিন হাজির না হওয়ায় এবং যাঁদের আরও কিছু নথির প্রয়োজন, তাঁদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তাঁদের জন্য নতুন করে শুনানির দিন ঘোষণা করা হবে।  ফাইল চিত্র