Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

কালনা সুপার স্পেশালিটি, মহকুমা হাসপাতালের সহকারী সুপারদের ভূমিকায় ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এসে সহকারী সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

কালনা সুপার স্পেশালিটি, মহকুমা হাসপাতালের সহকারী সুপারদের ভূমিকায় ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এসে সহকারী সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শৌচাগার চত্বরের নোংরা দেখে তিনি সহকারী সুপারদের বলেন আপনাদের কাজ কী? এছাড়াও এদিন রাতে নাদনঘাট শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে গড়ে ওঠা ১০০ শয্যার হাসপাতাল চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। 

Advertisement

শনিবার কালনা মহকুমার হাসপাতালগুলি পরিদর্শনে আসতে পারেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি চাউর হতেই মহকুমাজুড়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে ছিল সাজো সাজো রব। দীর্ঘ অপেক্ষার পর ওইদিন রাতে মন্ত্রী পৌছান নাদনঘাটের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে। এখানে ১০০ শয্যার ভবন নির্মাণ হলেও তা চালু না হওয়ায় পূর্বতন মুখ্যমন্ত্রীর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শীঘ্রই ১০০ শয্যার বিশিষ্ট ওই ভবন চালুর উদ্যোগ নেবেন বলে জানান। 
এরপর রাত পৌনে ১০টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রী কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। কিছু সময় সুপারের ঘরে বৈঠক করে মহকুমা হাসপাতালের মেডিসিন বিভাগে যান। ওই বিভাগে যাওয়ার পথে একটি পে টয়লেট সহ বিশ্রামগার রয়েছে। সেখানে গিয়ে টর্চ জ্বেলে অপরিষ্কার টয়লেট ও নোংরা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তিনি সহকারী সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার পথে দুই দিকে ডাস্টবিন রাখার পরামর্শ দেন। হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিনের জিনিসপত্র বাইরে রয়েছে দেখে ক্ষোভ প্রকাশ করেন। যাতায়াতের পথে কোনওভাবেই কিছু রাখা যাবে না বলে জানিয়ে দেন। 
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে নার্সদের টেবিল লোহার খাঁচা দিয়ে ঘেরা দেখে শীঘ্রই তা সরাতে বলেন। এক রোগীর পরিজন মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, স্যার আজ ঝা চকচকে দেখছেন, একবার সাধারণ দিনে এসে দেখবেন কী অবস্থা! তার উত্তরে মন্ত্রী বলেন, আমরা জানি লিপস্টিক, স্নো পাউডার কোথায় লেগেছে। আশা করব আজকের মতো প্রতিদিন যেন এমনটাই থাকে। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিষেবা ভালো বলে জানান। চিকিৎসক, নার্স, সাফাইকর্মী ও স্বাস্থ্য কর্মী কম থাকার বিষয়টি তিনি দেখার আশ্বাস দেন। এছাড়াও হাসপাতালের ওপিডি সহ অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে আইটি কর্মীর অভাব রয়েছে বলে সুপার মন্ত্রীর নজরে আনেন। এরপর মন্ত্রী সুপারকে স্থানীয় ভাবে নিয়োগের কথা বলেন। সর্বপরি সকলকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। এদিন এলাকার বিজেপির নেতা-নেত্রী ও কর্মীরা হাজির হয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতিকে হাসপাতালের বাইরে রাখবেন।  কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ