Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সংক্রমণ সারিয়ে আট প্রসূতিকে বাড়ি পৌঁছে দিল স্বাস্থ্য প্রশাসন

সংক্রমণ সারিয়ে আট প্রসূতিকে বাড়ি পৌঁছে দিল স্বাস্থ্য প্রশাসন
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি থাকা প্রসূতিদের সুস্থ করে তুললেন চিকিৎসকরা। টানা সাতদিন হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল থেকে আট প্রসূতিকে ছুটি দেওয়া হল। এদিন হাসপাতালের তরফে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁদেরকে সন্তান সহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রোগীদের ছুটি দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলা হাসপাতালের চিকিৎসকরা। তবে, কী থেকে এই সংক্রমণ দেখা দিয়েছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। একাধিক নমুনা পরীক্ষাগারে পাঠানো হলেও বেশকিছুর রিপোর্ট আসা বাকি আছে। এনিয়ে আগামী সপ্তাহে রাজ্যের একটি প্রতিনিধি দলও হাসপাতাল পরিদর্শন করতে আসবে বলে হাসপাতালে সূত্রে খবর। দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, গত শুক্রবার রাতে প্রসূতিরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের তড়িঘড়ি সিসিইউতে পাঠানো হয়েছিল। তাঁরা সেখানে চিকিৎসাধীন ছিলেন। মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ওই রোগীদের ছেড়ে দেওয়ার। সেই মতো তাঁদের এদিন ছুটি দিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠানো হয়েছে। কী কারণে এই অসুস্থতা, তা এখনই বলা সম্ভব নয়। হাসপাতাল থেকে ছুটি দেওয়ায় খুশি রোগীর আত্মীয় পরিজনরা। রোগীদের আত্মীয় রাজদীপ ঘোষ এবং বিশ্বজিৎ পাল বলেন, আমাদের রোগীরা সুস্থ হয়েছে। তাই হাসপাতাল থেকে এদিন ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে কী হবে বলা মুশকিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ছয় মাস তারা রোগীদের খোঁজখবর রাখবে। 

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল সকাল হাসপাতালে পৌঁছন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক হারিস রশিদ, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ সহ অন্য আধিকারিকরা। তাঁরা প্রথমে রোগীদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি, মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। মেডিক্যাল বোর্ড ছুটি দেওয়ার ব্যাপারে সম্মতি জানালে ছুটি দেওয়ার নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
পরবর্তীতে রোগীর আত্মীয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। স্বাস্থ্যদপ্তর রোগীর পরিবারকে নিশ্চিত করেছে আগামী ছয় মাস পর্যন্ত খোঁজ রাখা হবে।
 প্রসূতিদের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ