টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হ্যামিলটন: টি-২০ সিরিজ আগেই পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার জিতলে নিশ্চিত হবে ওয়ান ডে সিরিজও। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের রক্তচাপ বেড়ে যাওয়াই স্বাভাবিক। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের বক্তব্য শুনে মনে হল, টেস্ট সিরিজ নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টে জিততে না পারলে টিম ইন্ডিয়ার ডব্লুটিসির ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। বাকি আর সাতটি টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবেন গিলরা। এর মধ্যে যদি ৬টি জয় একটি ড্র কিংবা একটির বেশি না হারে, তাহলে নাটকীয়ভাবে ফাইনালের টিকিট পেয়ে যাবে ভারত। সেই কারণেই কোচ গম্ভীর সতর্ক। তিনি টেস্টের জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছেন ওয়ান ডে সিরিজের মাঝপথে। 

Advertisement

শেষ ওয়ান ডে ম্যাচ ১৫ নভেম্বর। ১৯ নভেম্বর শুরু প্রথম টেস্ট। হাতে সময় সত্যিই কম। তার উপর লাল বলে নিউজিল্যান্ডের পিচে চ্যালেঞ্জ অনেক বেশি। সেকথা মাথায় রেখে বাড়তি প্রস্তুতির জন্য ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্টে নামিয়ে দেওয়া হয়েছে বুমরাহ, প্রসিদ্ধদের। এই ম্যাচটা শেষ হলেই ১১ নভেম্বর শুরু হবে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজের চূড়ান্ত প্রস্তুতি। তাই ওয়ান ডে দলের কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে লাল বলের প্রস্তুতিতে তাঁরা সময় দিতে পারেন। বদল আনা হচ্ছে কোচিং স্টাফে। হেড কোচের সঙ্গে ওয়ান ডে সিরিজের দায়িত্বে থাকবেন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। আর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেল ভারতী এ দলের শিবিরে হৃষিকেশ কানিতকারের সঙ্গে যোগ দেবেন। একই সঙ্গে ভারতের পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য ব্যাক-আপ হিসাবে রেখে দেওয়া হচ্ছে অর্শদীপ সিংদের। সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া।