চিকিৎসক নেই, নার্স ৮৭ জন!  পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে এইচডিইউ, ত্বক-দন্ত বিভাগ বন্ধ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, তমলুক: পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক সংকটে হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচডি‌ইউ, দন্ত, স্কিন বিভাগ বন্ধ। মাত্র একজন ডাক্তার দিয়ে কোনোরকমে চলছে ইএনটি বিভাগ। দু’জন ডাক্তার নিয়ে তথৈবচ অবস্থায় সার্জারি বিভাগেও। অথচ, এই হাসপাতালে নার্সের সংখ্যা ৮৭জন। সেই তুলনায় ডাক্তার সংখ্যা অপ্রতুল। বিশেষজ্ঞ চিকিৎসক ঘাটতি থাকায় বিভিন্ন বিভাগে পরিষেবার উপর সরাসরি প্রভাব পড়ছে। বাড়ছে রেফার সংখ্যাও। নামে সুপার স্পেশালিটি হলেও ডাক্তার সংকটে ওই হাসপতালে পরিষেবা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করে এই সমস্যা সমাধানের দাবি উঠছে।

Advertisement

হাসপাতাল সুপার কৌশিক ধল বলেন, চিকিৎসকের ঘাটতি রয়েছে। স্কিনের একজন ডাক্তার সদ্য পেয়েছি। তাতে ওই বিভাগ চালু করতে পারব। তবে, এইচডিইউ চালু করতে পারলে খুব ভাল হত। কিন্তু, ডাক্তার না থাকায় করা যাচ্ছে না। ডেন্টাল বিভাগেও ডাক্তার নেই। তাই ওই বিভাগ বন্ধ। নার্স সংখ্যা ৮৭জন থাকলেও উচ্চ ডিগ্রি, মাতৃত্বকালীন ছুটি এসব নিয়ে অন্তত ১০জনের সার্ভিস পাওয়া যায় না।
২০১৬সালে পাঁশকুড়ার পীতপুরে গড়ে ওঠে ৩০০বেডের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। পাঁচতলার বিরাট নীল-সাদা ভবনে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, শিশু, চক্ষু, নাক কান গলা, স্ত্রীরোগ, ত্বক, দন্ত সহ বিভিন্ন বিভাগ চালু হয়। কিন্তু, ৩০০বেডের ওই হাসপাতালে যে সংখ্য‌ক ঩চিকিৎসক থাকার কথা তার তুলনায় সংখ্যা অনেক কম। জেনারেল ডিউটি কাম মেডিক্যাল অফিসার সাতজন, সার্জারিতে মাত্র দু’জন, মেডিসিনে তিনজন, অর্থোপেডিকে দু’জন, শিশু বিভাগে তিনজন, ইএনটি বিভাগে একজন, চক্ষু বিভাগে দু’জন, গাইনি বিভাগে ছ’জন, অ্যানাথেটিস্ট দু’জন এবং ব্লাডব্যাংকে দু’জন ডাক্তার আছেন। সার্জারিতে মাত্র দু’জন ডাক্তার থাকায় সপ্তাহে তিনদিন পরিষেবা মেলে না।
পাঁশকুড়ার উপর দিয়ে ১৬নম্বর জাতীয় সড়ক এবং পাঁশকুড়া-ঘাটাল গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক গিয়েছে। হমেশাই দুর্ঘটনা ঘটে। আহতদের জরুরিকালীন অবস্থায় ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে সিসিইউ, আইসিইউ কিংবা এইচডিইউয়ের মতো পরিষেবা মেলে না। সংকটাপন্ন রোগীদের রেফার করা হয়। অথচ, এধরনের সমস্যা মেটাতে কয়েক কোটি টাকা খরচ করে ১০বেডের এইচডি‌ইউ চালু করা হয়েছিল। কিন্তু, এইচডিইউতে ২৪ঘণ্টাব্যাপী এই পরিষেবা দেওয়ার মতো ডাক্তারই নেই। তাই সরকারি কোষাগার থেকে যথেচ্ছ টাকা খরচ করে পরিকাঠামো গড়া হলেও সেটা চালুই হয়নি।
একইভাবে হাসপাতালের খাতায় কলমে ত্বক, দন্ত বিভাগ থাকলেও তা বন্ধ। কারণ, সংশ্লিষ্ট বিভাগে ডাক্তার নেই। ইএনটি বিভাগে মাত্র একজন ডাক্তার আছেন। ওই বিভাগও কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মোট ৩০০বেডের মধ্যে ২৬০টি বেড চালু আছে। চিকিৎসক সংখ্যা অপ্রতুল। কিন্তু, প্রতি তিনটি বেডপিছু একজন নার্স আছেন। এরাজ্যের অন্য কোনো হাসপাতালে বেড ও নার্সের এই অনুপাত আছে কিনা সন্দেহ। হাসপাতাল সুপার অবশ্য বলেন, নার্সের অনুমোদিত পদ ৯৯টি। তবে, এই মুহূর্তে আছেন ৮৭জন।