Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁড়িডাহার জঙ্গলে বাঘের পায়ের ছাপ

হাঁড়িডাহার জঙ্গলে বাঘের পায়ের ছাপ
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেলপাহাড়ীতে ফের বাঘের আতঙ্ক। হাঁড়িডাহার গভীর জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারের একাধিক পায়ের ছাপ মিলেছে। রবিবার কাকভোরে জঙ্গলে কুরকুটের সন্ধান করতে গিয়ে কয়েকজন গ্ৰামবাসী বাঘের দেখা পান। গ্ৰামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকরা দ্রত জঙ্গলে ছুটে যান। জঙ্গল লাগোয়া গ্ৰামগুলোর বাসিন্দারা আতঙ্কিত। বনবিভাগ এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে। 
Advertisement
ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, হঁড়িডাহার জঙ্গলে বাঘের ছাপ পাওয়া গিয়েছে। বাঘটি কোথা থেকে এসেছে এখনও জানা যায়নি। বাঘটির সন্ধান চালানো হচ্ছে। স্থানীয় গ্ৰামগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বন বিভাগের কর্মীরা নজরদারি চালাচ্ছেন। বেলপাহাড়ীর উত্তরে বাঁশপাহাড়ীর পাদদেশ। দক্ষিণে আমলাশোলের সুউচ্চ পাহাড়। দুই পাহাড়ের দীর্ঘ পাদদেশজুড়ে হাঁড়িডাহার শাল, পিয়ালের জঙ্গল। জঙ্গল লাগোয়া মনিয়ারডি, বগডুবা, চিটামাটি, লক্ষণমুড়ার মতো ছোট ছোট গ্ৰাম। স্থানীয় গ্ৰামের মানুষ জঙ্গল যান শালপাতা, লাল কুরকুট পিঁপড়ে সংগ্ৰহ করতে। রবিবার ভোরে মনিয়ারডি গ্ৰামের কয়েকজন বাসিন্দা জঙ্গলে কুরকুট পিঁপড়ে সংগ্ৰহ করতে গিয়েছিলেন। ঘন জঙ্গলের ভিতর বাঘের দেখা পান। তাঁরা ছুটতে ছুটতে পালিয়ে আসেন। এরপরে গ্ৰামবাসীরা দলবেঁধে লাঠি হাতে জঙ্গলে ঢোকেন। জঙ্গলের ধুলোমাটির পথে বাঘের পায়ের ছাপ দেখতে পান। গ্ৰামবাসীরা  ভুলাভেদা রেঞ্জ অফিসে খবর দেন। ঝাড়গ্রামের ডিএফও ও অন্য বন আধিকারিকরা এলাকায় ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের জঙ্গল লাগোয়া এলাকায় ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। জঙ্গলের পার্শ্ববর্তী মুনিয়ারডি ও চিটামাটি যাওয়ার পিচ রাস্তায় পুলিসের পাহারা বসানো হয়েছে। বন বিভাগের কর্মীরা এলাকায় টহল দিচ্ছেন। 
সম্পর্কিত সংবাদ