Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হৃদয়ে পেত্রাতোস, কোলে ছোট্ট দিমি

হৃদয়ে পেত্রাতোস, কোলে ছোট্ট দিমি
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শিবাজী চক্রবর্তী, কলকাতা: পেত্রাতোসের শট ওড়িশার জালে আছড়ে পড়তেই রবিবারের যুবভারতী হয়ে গেল ‘মোহন ভারতী।’ শ্যামবাজার, বাগবাজার, হালতু থেকে হাওড়া, ম্যাচের পরদিন গলদা চিংড়ি বিকোচ্ছে দেদার। পাড়ায় পাড়ায় সেলিব্রেশন। সবুজ-মেরুন পতাকা বাতাসে টানটান। কেষ্টপুরের মুখার্জি পরিবারেও একই ছবি। চার মাসের ছোট্ট দিমিকে পতাকায় জড়িয়ে চলছে হুল্লোড়। সুমন ও পৌলমী ছেলের নাম রেখেছেন দিমি। দুজনেই পাঁড় মোহন বাগানী। বিয়ের পর সময় পেলেই পৌঁছে যেতেন গ্যালারিতে। গত বছর ওঁদের কোল আলো করে জন্মায় ফুটফুটে ছেলে। সেই খুদেই আদরের দিমি। হঠাৎ এমন ভাবনা কেন? হাসতে হাসতে সুমন বললেন, ‘আসলে পেত্রাতোস আমাদের হৃদয়ে। তাই পৌলমীর সঙ্গে কথা বলে ঠিক করি, ছেলে জন্মালে নাম রাখব দিমি।’
Advertisement
ফিডিং বোতল, অয়েল ক্লথ, ছোট্ট বালিশ আর দোলনা ছেড়ে মায়ের কোলে নিশ্চিন্ত আশ্রয়। কখনও বাবার গলা জড়িয়ে ধরে কচি হাত। আপাতত এটাই মুখুজ্জেদের খুদে দিমির যুবভারতী। মোহন বাগান ম্যাচের সময় তাকে কোলে নিয়েই টিভির সামনে বসেন বাড়ির সদস্যরা। গোল হলে দিমিকে জড়িয়ে সুমন-পৌলমী বলে ওঠেন ‘জয় মোহন বাগান।’ দলের প্র্যাকটিসে গিয়ে পেত্রাতোসকে শুভেচ্ছা জানাতে চান সুমনরা। ফুটফুটে দিমিকে কোলে তুলে অজি দিমিও নিশ্চয়ই আদরে ভরিয়ে দেবেন!
Advertisement
সম্পর্কিত সংবাদ