সংবাদদাতা, হবিবপুর: মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জগন্নাথপুরে অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে। একাংশ বাসিন্দার দাবি, সীমান্তের জঙ্গলে ওই অজানা জন্তু ঘাঁটি গেড়েছে। এনিয়ে তাঁরা রীতিমতো আতঙ্কিত। এনিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। সনাতন সরকার নামে এক বাসিন্দা জানান, বিএসএফের ক্যামেরায় ওই জন্তুর ছবি ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি বড় জন্তু ও দুটি বাচ্চা সীমান্তের জঙ্গলের ফাঁকা জায়গায় হেঁটে চলেছে। (যদিও এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেননি বর্তমান)। সেই ভিডিও ফুটেজ দেখে কেউ বলছে নেকড়ে বাঘ আবার কেউ বলছে চিতাবাঘ। যদিও বিএসএফ বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি। হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা বর্মন ঘোষ বলেন, এর আগেও সীমান্তে অনেক জীবজন্তুর দেখা পাওয়া গিয়েছে। বিষয়টি বনদপ্তরে জানাব। বনদপ্তরের গাজোলের রেঞ্জার লতিফ শেখ বলেন, ভিডিওটি দেখেছি, বাঘ বলে মনে হচ্ছে না। বিষয়টির উপরে নজর রাখার হচ্ছে।



