Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুর পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনায় বসলেন বিডিও  

হবিবপুর পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনায় বসলেন বিডিও
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: দর অনেক বেশি হওয়ায় পঞ্চায়েত সমিতির পুকুর ও খেয়াঘাটের ডাকে একটি ঘাট ছাড়া অংশগ্রহণ করতে পারলেন না ব্যবসায়ীরা। হতাশ হয়ে ফিরতে হল তাদের। যদিও পুরো বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল। তিনি বলেন, পুনরায় ডাকের ব্যবস্থা করা হবে। এবার পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দর কমানো হতে পারে।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে,গত বুধবার হবিবপুর পঞ্চায়েত সমিতির চারটি পুকুর ও তিনটি ফেরিঘাটের ডাক করার জন্য ব্যবসায়ীদের ডাকা হয়েছিল। আগে এই পুকুর ও ফেরিঘাটগুলি ডাক নিয়ে যাঁরা ব্যবসা করেছেন, তাঁরা সহ নতুনভাবে নিতে আগ্রহী ব্যবসায়ীরাও উপস্থিত হন। দর অনেক বেশি হওয়ার জন্য কেউ নেওয়ার সাহস দেখাননি। কারণ এত বেশি মূল্যে নেওয়ার পর ব্যবসা করে লাভের সম্ভাবনা প্রায় থাকবেই না বলে মনে করছেন ব্যবসায়ীরা। 
গত বছর ডাক নেওয়া মাছ ব্যবসায়ী বিজয় হালদার জানান, গত ডাকে প্রায় ৯ বিঘার দু’টি পুকুর দুই বছরের জন্য নিয়েছিলেন ৩.৫০ লক্ষ টাকায়। এবছর সেই পুকুরের মূল্য সমিতির তরফে তিন বছরের জন্য ৮ লক্ষ টাকা করা হয়েছে। গত বছরের তুলনায় যা অনেকটা বেশি। সামান্য কিছুটা দাম বাড়ালে ভেবে দেখা যাবে। তবে এত দামে নেওয়া অসম্ভব।
সরকারি পুকুরে মাছ চাষ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলা হয় চাষিদের। অভিযোগ, ব্লকের পুকুর বলে বাসিন্দারা প্রচুর মাছ ধরে নেন। এতে অনেক লোকসান হয় ব্যবসায়ীদের। সেক্ষেত্রে সরকারি সাহায্যও পাওয়া যায় না। 
আরেক ব্যবসায়ী অনিল হালদারের কথায়, মাছ চাষ করতে গিয়ে আমরা সমস্যায় পড়লে ব্লক অফিসের এগিয়ে এসে সমাধান করা প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ