Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরে গাড়িতে ৮০০ বোতল কাফ সিরাপ পাচারের আগে ধৃত ১

হবিবপুরে গাড়িতে ৮০০ বোতল কাফ সিরাপ পাচারের আগে ধৃত ১
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: কাফ সিরাপ পাচার রুখল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িকে ধাওয়া করে চারটি বস্তায় বিপুল পরিমাণ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ। ৮০০ বোতল কাফ সিরাপ সহ গাড়ির চালককে পাকড়াও করেছে বিএসএফ। কাফ সিরাপের পাশাপাশি পাচারে ব্যবহৃত গাড়ি এবং চালকের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার রাতে হবিবপুর ব্লকের ধুমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসন এলাকার ঘটনা।
Advertisement
পুলিস সূত্রে খবর,ধৃতের নাম মহম্মদ সালামউদ্দি‌ন। বাড়ি মালদহের কালিয়াচক থানার আলিপুর এলাকায়। বিএসএফ সূত্রে খবর, পাচারের উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ সীমান্তে নিয়ে আসা হচ্ছিল একটি গাড়িতে। তার আগেই সোর্স মারফত খবর আসে বিএসএফের কাছে। সেই মতো সীমান্তের একাধিক জায়গায় নজরদারি ও তল্লাশি শুরু করে বিএসএফ। রাত এগারোটা নাগাদ সিঙ্গাবাদ স্টেশন পার করে কলাইবাড়ির দিকে একটি চারচাকার গাড়ি দ্রুত বেগে যেতে দেখেই পিছু নেয় বিএসএফ। কিছুদূর আগে গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি নিতেই গাড়ি থেকে চারটি বস্তায় মোট ৮০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। যেখানে গাড়িটিকে আটক করা হয়েছে, সেখান থেকে সীমান্ত মাত্র এককিমি দূরে। সোমবার সন্ধ্যায় চালক সহ ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিসের হাতে। গাড়ি চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেও কলাইবাড়িতে এক যুবকের কাছ থেকে বেশ কিছু মোবাইল ও কাফ সিরাপ উদ্ধার হয়। সেই যুবককে বস্তাভর্তি সামগ্রী নিয়ে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। যুবককে ধরে জেরা করতেই তার বস্তা থেকে মোবাইলগুলি উদ্ধার হয়েছিল। পরে তাকে বিএসএফের হাতে তুলে দেন বাসিন্দারা। ঘটনার অল্পদিনের মাথায় আবার বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হওয়ায় সতর্ক বিএসএফ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ