Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হবে রাস্তা, নিকাশি নালা, উন্নয়নে বরাদ্দ কোটি টাকা

হবে রাস্তা, নিকাশি নালা, উন্নয়নে বরাদ্দ কোটি টাকা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সৌর জলপ্রকল্প থেকে রাস্তা, কালভার্ট, নিকাশি নালা, শ্মশান। বানারহাটের উন্নয়নে বরাদ্দ প্রায় দেড় কোটি টাকা। ইতিমধ্যেই বেশিরভাগ কাজের টেন্ডার ডাকা হয়েছে। কোনওটি আবার ওয়ার্কঅর্ডার দেওয়ার অপেক্ষা। বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ধাপে ধাপে কাজগুলি হবে। বানারহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোহন ওরাওঁ বলেন, এলাকায় পানীয় জলের সঙ্কট মেটাতে তিনটি সৌরবিদ্যুৎ চালিত জলপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওই তিনটি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে সাড়ে ১৪ লক্ষ টাকা। পাশাপাশি বিন্নাগুড়ি চা বাগান এলাকায় নিকাশি, হলদিবাড়ি চা বাগান এলাকায় রাস্তা এবং শালবাড়ি-২ নম্বর পঞ্চায়েত এলাকায় রাস্তা মিলিয়ে আরও প্রায় ৪৭ লক্ষ টাকার কাজ ধরা হয়েছে। শীঘ্রই এসব কাজ শুরু হবে।
Advertisement
ব্লক প্রশাসন সূত্রে খবর, বানারহাট-১ ও বানারহাট-২ গ্রাম পঞ্চায়েতে দু’টি সৌর জল প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। প্রতিটির জন্য খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। এছাড়া শালবাড়ি-২ পঞ্চায়েত এলাকায় আরও একটি সৌর জলপ্রকল্প হবে। এটির জন্য বরাদ্দ হয়েছে ৩ লক্ষ ৬১ হাজার টাকা। তিনটি কাজের জন্যই টেন্ডার হয়ে গিয়েছে। এর পাশাপাশি কাঠাঁলগুড়ি হাট ও কারবালা হাটে তৈরি হতে চলেছে টয়লেট ব্লক। শালবাড়ি-১ পঞ্চায়েতে কালভার্ট, বিন্নাগুড়ি চা বাগানে দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হচ্ছে নিকাশিনালা। জলের সমস্যা সমাধানে ব্লকের বিভিন্ন এলাকায় বসছে সাতটি রিগবোর টিউবওয়েল। শালবাড়ি-২ পঞ্চায়েতে তৈরি হচ্ছে শ্মশান। রিয়াবাড়ি, পলাশবাড়ি এবং মুগলকাটা চা বাগানে ২০টির মতো সৌরবাতি বসছে।
পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, বিন্নাগুড়িতে ড্রেন তৈরির জন্য ১১ লক্ষ টাকা, হলদিবাড়ি চা বাগান এলাকায় সিমেন্ট কংক্রিট রাস্তা তৈরির জন্য ১৫ লক্ষ টাকা এবং শালবাড়ি-২ পঞ্চায়েতে আরও একটি রাস্তার জন্য ২১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শীঘ্রই কাজগুলি শুরু হবে। কাজগুলি হলে বাসিন্দারা উপকৃত হবেন।
সম্পর্কিত সংবাদ