Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

প্রোটিয়া বধ করে বিশ্বকাপ ঘরে তুললেন হরমনপ্রীতরা, নভি মুম্বইতে বড় জয় ভারতের

কাটল খরা। অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। আজ, রবিবার নভি মুম্বইতে বসেছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর

প্রোটিয়া বধ করে বিশ্বকাপ ঘরে তুললেন হরমনপ্রীতরা, নভি মুম্বইতে বড় জয় ভারতের
  • ৩ নভেম্বর, ২০২৫ ০০:১১
Prefer us on Google

নভি মুম্বই, ৩ নভেম্বর: কাটল খরা। অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। আজ, রবিবার নভি মুম্বইতে বসেছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আসর। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। নভি মুম্বইয়ের মাঠে প্রায় ৪৫ হাজার দর্শক। সবার গলার স্বর একটাই ‘ইন্ডিয়া ইন্ডিয়া’। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন ভারতের স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। দু’জনেই করেন যথাক্রমে ৪৫ ও ৮৭। তাঁদের ব্যাটে ভর করেই শুরুটা ভালো করে ভারতীয় মহিলা ব্রিগেড।

Advertisement

যদিও দক্ষিণ আফ্রিকার ভালো বোলিংয়ের জন্য মিডল ওভারে চাপে পড়ে যায় ভারত। স্মৃতি, শেফালি সাজঘরে ফেরার পর বড় রান পাননি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর, জেমাইমা রডরিগেজ। হাল ধরেন দীপ্তি শর্মা। ফাইনালের দিন দলের জন্য হাফসেঞ্চুরি করেন তিনি(৫৮)। মাঝে ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৯ রানের টার্গেট রাখেন হরমনপ্রীতরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই সাবধানে খেলতে থাকেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট।

যদিও ভারতের বোলিংয়ের সামনে ধরাশায়ী হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একমাত্র উলভার্ট ছাড়া এদিনের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়নি তাঁদের কাউকে। তিনি সেঞ্চুরি করেন ৯৬ বলে। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন শেফালি ভার্মা, শ্রী চারানি ও দীপ্তি শর্মা। একাই চার উইকেট নেন দীপ্তি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলে নিল ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ