হরমনপ্রীতদের সামনে চীন
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জলন্ধর: বাংলাদেশকে খড়কুটোর মতো উড়িয়ে হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করেছে ভারত। বৃহস্পতিবার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে এবার হরমনপ্রীত সিংদের প্রতিপক্ষ চীন। চলতি আসরে নতুন খেলোয়াড়দের নিয়ে ভারতে এসেছে তারা। তাই দলে অভিজ্ঞতার অভাব রয়েছে চীনের। এমন পরিস্থিতিতে আরও একটা বড়ো জয়ের প্রত্যাশায় গ্রেগ ফুলটন ব্রিগেড। তার সঙ্গে রয়েছে সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে থাকার আত্মবিশ্বাস। এশিয়ান গেমসে শুধু সোনা জয় নয়, গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য দেখিয়েছে ভারতীয় দলকে। সেই ধারাবাহিকতা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বজায় রাখতে মরিয়া হরমনপ্রীতরা। 

Advertisement

নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চায়নি পাকিস্তান। তার বদলে শেষ মুহূর্তে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে উদ্যোক্তারা। তাদের বিরুদ্ধেই ছিল ভারতের প্রথম ম্যাচ। তুলনামূলক কম শক্তিশালী দলের বিরুদ্ধে ১৩ গোলে জয় ছিনিয়ে নেয় ফুলটন ব্রিগেড। এর মধ্যে ৮টি ফিল্ড গোল। বাকি ৫টি লক্ষ্যভেদ ছিল পেনাল্টি কর্নার থেকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, মনদীপ সিংয়ের ফর্মে ফেরা। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সারেন তারকা স্ট্রাইকার। পাশাপাশি জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস ও নীলাকান্ত শর্মারা জাল কাঁপিয়ে দলে জায়গা আরও পোক্ত করেছেন। তবে কোচ ফুলটনের জন্য চিন্তার বিষয় অপরিচিত চীনা বাহিনী।