সংবাদদাতা, কল্যাণী: ‘কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়, সেটা ভেঙে গুঁড়িয়ে দেব!’ বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন তৃণমূল পরিচালিত হরিণঘাটা পুরসভার পুরপ্রধান দেবাশিস বসু। তাঁর এই ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। এদিন তৃণমূল কংগ্রেসের ডাকা এক প্রতিবাদ সভায় জাগুলি মোড়ের মঞ্চে দাঁড়িয়ে ওই মন্তব্য করেন পুরপ্রধান। তিনি আরও বলেন, ‘এসআইআর হোক, তাতে কোনও আপত্তি নেই। কিন্তু এসআইআরের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার হলে সেটা কোনওভাবেই মানা যাবে না।’ তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের হরিণঘাটা শহর সভাপতি উত্তম সাহা। তিনি বলেন, ‘চেয়ারম্যানের বক্তব্যকে সমর্থন জানাচ্ছি। কার,ণ এসআইআরের নামে বাংলায় অশান্তি সৃষ্টি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। যেটা আমরা কখনওই হতে দিতে পারি না।’ অন্যদিকে, চেয়ারম্যানের বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।



