Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কঠিন সিদ্ধান্ত গ্রহণের বার্তা দিলেন হার্দিক

কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ ম্যাচে শেষ চারটিতেই হেরেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। পকেটে মাত্র দু’পয়েন্ট নিয়ে তালিকার নীচের দিকে রয়েছে তারা।

কঠিন সিদ্ধান্ত গ্রহণের বার্তা দিলেন হার্দিক
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ ম্যাচে শেষ চারটিতেই হেরেছে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি। পকেটে মাত্র দু’পয়েন্ট নিয়ে তালিকার নীচের দিকে রয়েছে তারা। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের কাছে পরাজয়ের পর দলে ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। সাফ বলেছেন যে, দলগত ভুল হচ্ছে নাকি ব্যক্তিবিশেষের ভুলের মাসুল দিতে হচ্ছে, খতিয়ে দেখতে হবে। পরিকল্পনা সংক্রান্ত পর্যালোচনাও দরকার। উল্লেখ্য, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহ ও তিলক ভার্মার পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয়। তাই প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত গ্রহণে দল পিছপা হবে না বলেও জানিয়েছেন হার্দিক। তাঁর কথায়, ‘বেশ কিছু কড়া প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। দেখতে হবে, কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা।’

Advertisement

এরমধ্যে প্রকাশ্যে এসেছে শিবিরের অশান্তিও। পছন্দের ফিল্ডিং না পাওয়ায় মাঠেই হার্দিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বুমরাহ। তাঁকে হতাশও দেখায়। এমনিতেই চলতি আসরে পাঁচ ম্যাচে উইকেটহীন তিনি। তা নিয়ে চর্চাও হচ্ছে সর্বত্র। পাঞ্জাবের বিরুদ্ধে চার ওভারে তিনি দেন ৪১ রান। শ্রেয়স আয়ারের দল ১৯৬ রানের টার্গেটে পৌঁছায় ২১ বল বাকি থাকতে। কঠিন সময়ে বুমবুমের পাশে দাঁড়িয়েছেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, ‘ও ভালোই বল করছে। আসলে আমরা পাওয়ার প্লে’র ওভারগুলোয় যথেষ্ট চাপে ফেলতে পারছি না বিপক্ষকে। আর বিপক্ষ জানে যে, বুমরাহর বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। ওকে তাই কাঠগড়ায় তোলা ঠিক নয়। তাছাড়া আইপিএলের শুরু থেকেই সামান্য চোট রয়েছে ওর। তা নিয়েই খেলছে। তবে ভাগ্যের সহায়তা একেবারেই পাচ্ছে না। একবার উইকেট পেতে শুরু করলে ওকে আর থামানো যাবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ