Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘খুন অওর পানি এক সাথ নেহি বহ সকতে’, ভারত-পাক ম্যাচ নিয়ে তোপ ভাজ্জির

‘খুন অওর পানি এক সাথ নেহি বহ সকতে’, ভারত-পাক ম্যাচ নিয়ে তোপ ভাজ্জির
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এশিয়া কাপের ক্রীড়াসূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু এই ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে অনেকেরই । নেপথ্যে পহেলগাঁও কাণ্ড। পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে মারা গিয়েছিলেন ২৬ জন নিরীহ দেশবাসী, যার ফল ছিল সুদূরপ্রসারী। দুই দেশের মধ্যে যুদ্ধ বেধেছিল। পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই আবহে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ অনেকেই সমর্থন করছেন না। তবে বিসিসিআই কর্তারা এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। 

Advertisement

ইতিমধ্যে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ অব লেজেন্ডস লিগে পাকিস্তান ম্যাচ বয়কট করেছিল ভারত। তারপর দাবি ওঠে, সূর্যকুমাররাও যেন এশিয়া কাপে পাক ম্যাচ বয়কট করেন। ভারতীয় দলের অবস্থান এখনও স্পষ্ট নয়। কিন্তু প্রাক্তন স্পিনার হরভজন সিং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের উচিত, পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলা। এক সাক্ষাৎকারে ভাজ্জি জানান, ‘এই মুহূর্তে কোনটা গুরুত্বপূর্ণ সেটা সবার আগে বুঝতে হবে। সেনারা দিনের পর দিন সীমান্তে পাহারা দিচ্ছেন। পরিবারের লোকজনরা তাঁদের বহুদিন দেখতে পায় না। এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরা কি একটা ম্যাচ ছেড়ে দিতে পারব না?’
পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে ভারত সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরভজন, ‘সরকারের পদক্ষেপ সঠিক। খুন অওর পানি এক সাথ নেহি বহ সাকতে (রক্ত ও জল এক সঙ্গে বইতে পারে না)। সমীন্তে রোজ গোলাগুলি চলছে। যুদ্ধের পরিস্থিতি রয়েছে। তার মধ্যে আমরা ক্রিকেট খেলতে যাব, এটা কোনওভাবেই মানা সম্ভব নয়। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, ততদিন ভারত-পাকিস্তান ক্রিকেট পুরোপুরি বন্ধ থাকাই উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ