নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে আরামবাগবাসীর। দ্বারকেশ্বর নদের উপর নতুন ফোর লেনের সেতু তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা। বৃহস্পতিবার কেন্দ্রের সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। তাতেই খুশির হাওয়া আরামবাগ মহকুমায়। এর জন্য আরামবাগ মহকুমার বিজেপি বিধায়করা কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেতু বন্ধন প্রকল্পের মাধ্যমে দ্বারকেশ্বর নদের উপর ওই নতুন চার লেনের সেতু হবে। নতুন সেতুর অনুমোদনের খবর পেয়েই আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে রামকৃষ্ণ সেতু পরিদর্শনে যান। সেখান থেকে বিধায়ক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তৃণমূল সরকার বেহাল রামকৃষ্ণ সেতু নিয়ে কোনো পদক্ষেপ করেনি। কিন্তু, এখন ডবল ইঞ্জিন সরকার আরামবাগের জন্য নতুন সেতু নির্মাণে টাকা বরাদ্দ করায় বাসিন্দারা খুবই খুশি। উৎসবের মরশুমে মানুষকে সরকার এই উপহার দেওয়ায় আমরা ধন্যবাদ জানাচ্ছি।
পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার বলেন, নতুন সেতুর জন্য কেন্দ্র থেকেই টেন্ডার প্রক্রিয়া হবে। তারপর কাজ শুরুর জন্য নির্দেশ জারি হবে। কয়েক বছরের মধ্যেই নতুন সেতুর কাজ শেষ হয়ে যাবে আশা করা যায়।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতু হুগলির সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ বিভিন্ন জেলার সরাসরি সংযোগ করেছে। কৃষি ও শিল্পের প্রসারের ক্ষেত্রেও এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে এই সেতুর উপর দিয়ে। বছর খানেক আগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর থেকেই ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে হাইট বারও বসায় পূর্তদপ্তর। পুরনো এই সেতুর পাশেই দ্বিতীয় ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। এনিয়ে ব্যবসায়ী মহলও সরব হয়। অবশেষে পূর্তদপ্তরের প্রস্তাব পাঠানোর পর রামকৃষ্ণ সেতুর পাশে নতুন চার লেনের সেতু নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্র।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন চার লেনের সেতু দ্বারকেশ্বর নদের আপ স্ট্রিমে হবে। এক্ষেত্রে সেতুর অ্যাপ্রোচ রোড কালীপুরের সঙ্গে সংযোগ করবে আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কে। সেতুটি প্রস্থে হবে ২৭ মিটার। লম্বায় হবে ৩৮৪ মিটার বলে প্রস্তাব পাঠায় পূর্তদপ্তর। সেইমতো কেন্দ্র অনুমোদন দিয়েছে।
আরামবাগ মহকুমার চালকল সমিতির সভাপতি সুনীল ঘোষ বলেন, রামকৃষ্ণ সেতুর ভগ্নদশার জন্য দীর্ঘদিন ধরে ধান, চাল বোঝাই লরিগুলি ঘুরপথে যাতায়াত করছে। ফলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয়েছে। নতুন সেতুর অনুমোদনের খবর শুনে স্বস্তি পেলাম।



