সংবাদদাতা, নবদ্বীপ: এবার বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের জন্য পাঁচ টাকায় নিরামিষ, সাত্ত্বিক আহারের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ‘মা আহার’ ক্যান্টিনে বৈষ্ণবদের জন্য নিরামিষ খাবারের কাউন্টার চালু হচ্ছে। সোমবার কলকাতার বিধাননগরে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাইলট প্রজেক্ট হিসাবে উত্তর ২৪ পরগনার বারাসতে প্রথম এই পরিষেবা চালু হচ্ছে। তবে আগামী দিনে নবদ্বীপ ও মায়াপুরেও এই পরিষেবা চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখবরে চৈতন্যভূমিতে খুশির হাওয়া ছড়িয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন খোলা হবে। হাসপাতাল, বাসস্ট্যান্ড, ফেরিঘাটের মতো জনবহুল এলাকায় এগুলি থাকবে। বৈষ্ণবসমাজের অনুরোধ মেনে এসমস্ত ক্যান্টিনে নিরামিষ আহারের কাউন্টার রাখার সিদ্ধান্তও ঘোষণা করেন। এতদিন সরকারি ‘মা আহার’ প্রকল্পে দুঃস্থ মানুষকে পাঁচ টাকায় ডিম ও মাছের মতো আমিষ খাবার দেওয়া হত। এবার বৈষ্ণবদের জন্য সাত্ত্বিক নিরামিষ আহারের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব সমাজ। ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবাইত সুদিন গোস্বামী বলেন, এটা আমাদের কাছে আনন্দের খবর। নবদ্বীপে যেমন বহু বৈষ্ণব থাকেন, তেমনি অনেকে বাইরে থেকেও আসেন। অনেকসময় তাঁদের ঠিকমতো প্রসাদ পাওয়া হয়ে ওঠে না। তাঁদের জন্য নিরামিষ আহারের এই ব্যবস্থা খুব ভালো সিদ্ধান্ত।
শ্রীশ্রীচিন্তামণি কুঞ্জের সেবাইত কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আমরা নবদ্বীপবাসী চির কৃতজ্ঞ থাকব। এই প্রথম কোনো সরকার বৈষ্ণবসমাজের কল্যাণের কথা চিন্তা করল।
শ্রীশ্রী রাধামদনমোহন মন্দিরের সেবাইত প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী বলেন, বৈষ্ণবদের জন্য সাত্ত্বিক ভোজনের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈতদাস বাবাজি মহারাজ বলেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করলে মানুষের মধ্যে সাত্ত্বিক ভাব জাগ্রত হয়। সাধুরা সাধারণত এমন খাবারই গ্রহণ করেন।
বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী বলেন, মা আহার ক্যান্টিনে এতদিন আমিষ খাবার মিলত। মুখ্যমন্ত্রী বৈষ্ণবদের কথা আলাদাভাবে চিন্তা করেছেন। নবদ্বীপ ও মায়াপুরে এই প্রজেক্ট চালু হলে অনেকেরই উপকার হবে। বৈষ্ণবরা নিশ্চিন্তে ভজন করতে পারবেন।



