সোনারপুরে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘর থেকে উদ্ধার হল নবম শ্রেণির এক ছাত্রীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত স্কুলছাত্রীর নাম সায়নী শিকারি। সোনারপুর থানার ঘাসিয়ারায় তাঁর বাড়িতে শনিবার এই ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে সে। জানা গিয়েছে, বছর তিনেক আগে ছাত্রীর মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বাবা সমীর শিকারি। সেই ঘটনায় একমাত্র সাক্ষী ছিল মেয়েটি। তারপর থেকে মামাবাড়িতে থাকছিল সে। তার দাদু বলেন, ‘মাসখানেক আগে ওর বাবা জামিনে ছাড়া পায়। তারপর থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল সমীর। পুলিশকে জানিয়েছিলাম বিষয়টি। তাদের পরামর্শ মেনে নাতনির ফোন নম্বর বদলে দিই। কিন্তু সেই নম্বরও পেয়ে যায় ওর বাবা। হয়তো ফোন করে মেয়েকে কোনো মানসিক চাপ দেওয়া হচ্ছিল, তাই আত্মঘাতী হয়েছে সে। ওর ফোন পরীক্ষা করে দেখুক পুলিশ। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।’ 

Advertisement

এদিকে, পুলিশ মৃত কিশোরীর ফোন নিয়ে গেলেও সেটি খুলতে পারেনি। কারণ, পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। তাই এখনো স্পষ্ট নয় যে কী কারণে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। পুলিশ জেনেছে, মেয়েটির মোবাইল গেমের প্রতি আসক্তি ছিল। ঘটনার নেপথ্যে সেই মোবাইল গেমের কোনো ভূমিকা আছে কি না, তাও পরিষ্কার নয়। তদন্তকারীরা মনে করছেন, মোবাইল ফোনেই লুকিয়ে আছে পুরো ঘটনার রহস্য। তাই ফোনটি খোলার জন্য ফরেনসিকে পাঠানো হচ্ছে বলে জানান বারুইপুর পুলিশ জেলার এক পদস্থ কর্তা।