সংবাদদাতা, বারুইপুর: বাড়ির রান্নঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃতদেহ। মৃতের নাম পল্লব নস্কর (১০)। কী কারণে এই মৃত্যু, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার, কুলতলি থানার জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। কুলতলি থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিসের বক্তব্য, কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, রোজের মতো সোমবারও স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল পল্লব। তারপরে বাড়িও ফিরে আসে। পল্লবের বাবা পরমেশ্বর নস্কর রাজমিস্ত্রির কাজ করেন। মা শিখা গৃহবধূ। ছেলের মৃত্যুতে শোকে কাতর তাঁরা। মা শিখা নস্কর বলেন, আমি দেবরের বাড়িতে গিয়েছিলাম বিড়ি বাঁধার জন্য। ছেলে বাড়িতে ফিরে খাওয়াদাওয়া করে ওর কাকার মেয়ের সঙ্গে খেলাধুলা করছিল। কিছু পরে হঠাৎ দেবরের মেয়ের কান্নার আওয়াজ পাই। ছুটে গিয়ে দেখি রান্নাঘরের চালের বাঁশে ছেলের ঝুলন্ত দেহ। কেন এমন করল ও, জানি না।
বাবা পরমেশ্বর নস্কর বলেন, কী কারণে ছেলে মৃত্যু হল, বুঝতে পারছি না। স্কুলে পরীক্ষাও ভালো হয়েছে বলে জানিয়েছিল। কেউ ওকে বকেওনি। আমার দুই ছেলে। এর মধ্যে এক ছেলে চলে গেল এইভাবে। স্থানীয় বাসিন্দারা বলেন, পল্লব এলাকায় জনপ্রিয় ছিল। বাবার সঙ্গে মিলে ভিডিও বানিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। ওর সোশ্যাল মিডিয়ায় ১৯ হাজার ফলোয়ার ছিল। এর জন্য টাকাও পেত। কিন্তু কীভাবে এই মৃত্যু, বোঝা যাচ্ছে না।