নয়াদিল্লি: হলমার্কিং বাধ্যতামূলক হওয়ার পরে সোনার গয়না কেনার ক্ষেত্রে গ্রাহকদের প্রতারণার ঘটনা অনেক কমেছে। শুদ্ধতার ক্ষেত্রে এসেছে নিশ্চয়তা। মুখে ২২ ক্যারেট বলে গ্রাহকদের এখন নিম্ন মানের সোনার গয়না গছিয়ে দেওয়া অত সহজ নয়। কারণ প্রতিটি সোনার গয়নার গায়ে ‘হলমার্ক’ লোগোর সঙ্গে একটি করে ইউনিক নম্বর থাকে। চাইলে কোনও গ্রাহক সেই নম্বরের মাধ্যমে যাচাই করে নিতে পারেন সোনার শুদ্ধতা। আজ, ১ সেপ্টেম্বর থেকে সেই সুবিধা চালু হতে চলেছে রুপোর ক্ষেত্রেও। অর্থাৎ সোনার মতো রুপোতেও চালু হতে চলেছে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন বা এইচইউআইডি। আপাতত এটি বাধ্যতামূলক না হলেও অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনা প্রবল বলে মত বিশেষজ্ঞদের। এজন্য ক্রেতাদের অতিরিক্ত টাকা গুণতে হবে না বলে মনে করা হচ্ছে।



