Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাত্রী দুর্ভোগ কমাতে টালিগঞ্জ থেকে ঘুরবে অর্ধেক মেট্রো রেক

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে কমতে চলেছে যাত্রী দুর্ভোগ।

যাত্রী দুর্ভোগ কমাতে টালিগঞ্জ থেকে ঘুরবে অর্ধেক মেট্রো রেক
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে কমতে চলেছে যাত্রী দুর্ভোগ। কবি সুভাষ স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর নিত্যদিন দেরিতে চলছিল মেট্রো। ফলে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী যাত্রীরা পরিষেবা পাচ্ছিলেন না। সারাদিনে একাধিক গাড়ি বাতিল হচ্ছিল। প্রায় একমাস ধরে এই ঘটনা চলতে থাকায় মেট্রোয় অসম্ভব ভিড় বাড়ছিল। কলকাতার গর্বের যান খোয়াতে শুরু করছিল গরিমা। মেট্রো কর্তাদের যুক্তি, শহিদ ক্ষুদিরাম স্টেশনে যাত্রী নামিয়ে খালি রেক কবি সুভাষ স্টেশন থেকে ঘুরিয়ে আনতে হচ্ছে। যার জেরে বাড়তি সময় নষ্ট হচ্ছে। এই সমস্যা সমাধানে আজ, সোমবার থেকে অন্য পদ্ধতি অবলম্বন করছে রেল। সপ্তাহের প্রথম কাজের দিন থেকে পরিষেবার সংখ্যা বাড়তে চলেছে। এতদিন নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৬২টি পরিষেবা চলত। আজ থেকে তা বেড়ে হবে ২৮৪। বাড়তি এই ২২টি পরিষেবা আপ-ডাউনে চলাচল করা যাত্রীদের সুবিধা দেবে বলে আশাবাদী মেট্রো কর্তারা। তাঁদের কথায়, এতদিন সব গাড়ি শহিদ ক্ষুদিরাম থেকে ঘুরত। এদিন থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) স্টেশনে ক্রসওভারের মাধ্যমে গাড়ি ঘুরবে। এক্ষেত্রে একটি গাড়ি শহিদ ক্ষুদিরাম যাবে। পরবর্তী গাড়ি টালিগঞ্জ থেকে ঘুরবে। সেক্ষেত্রে সময়ের ব্যবধান খানিক কমবে। বাড়তি পরিষেবা চালানোর সুযোগ মিলবে। যাত্রা পথে প্রতি স্টেশনে যাত্রীদের চাপ আগের তুলনায় কম হবে। তবে সোমবার থেকে শুক্রবার কাজের দিনগুলিতে আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে। ফলাফল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নয়া ব্যবস্থায় সোম থেকে শুক্র দিনের প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে ৬ টা ৫৪ মিনিটে ও দক্ষিণেশ্বর থেকে ৬টা ৫৫ মিনিটে যাত্রা করবে। দিনের শেষ মেট্রো প্রান্তিক দুই স্টেশন থেকে যাত্রী বোঝাই করে গন্তব্যে ছুটতে শুরু করবে যথাক্রমে রাত ৯টা ৩৪ মিনিট এবং ৯টা ২৮ মিনিটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ