Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হলদিয়া বিজেপিতে ভাঙন-সম্ভাবনা

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হলদিয়া বিজেপিতে ভাঙন-সম্ভাবনা
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার দলবদলু বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের ফের দলবদলের সম্ভাবনা ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে বন্দর শহরে। পদ্ম শিবির ছেড়ে তাপসী তৃণমূলে যোগ দিতে পারেন বলে চর্চা চলছে দুই শিবিরেই। ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পদ্ম শিবিরে ভাঙন ধরতে চলেছে বলে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। সম্প্রতি বিজেপির বিধায়ক বনাম সাংসদের বাগ্‌যুদ্ধ সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। মূলত ক্ষমতা দখলকে কেন্দ্র করেই শিল্পশহরে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। এদিকে, হলদিয়া পুরসভায় প্রশাসককে সরিয়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক গঠনের জন্য শাসক শিবিরে ফের নতুন করে আলোচনা তুঙ্গে। ওই প্রশাসক বোর্ডে ঠাঁই পাওয়া নিয়েও শাসকদলের প্রাক্তন কাউন্সিলার ও নেতাদের মধ্যে লড়াই শুরু হয়েছে বলে দলের অন্দরমহলের খবর। পুরসভার শাসকদলের প্রাক্তন দুই চেয়ারম্যানও ওই লড়াইতে শামিল হয়েছেন। দলের নেতাদের নিয়ে প্রশাসক বোর্ড তৈরি হলে জনসংযোগ বাড়বে। ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ফায়দা তুলতে পারবে বলে আশা করছে শাসক শিবির। এই পরিস্থিতিতে পদ্মশিবিরের বিধায়ক ভাঙিয়ে এনে শিল্পশহরে বার্তা দিতে চাইছে তৃণমূল। দলবদলু ওই বিধায়ককে প্রশাসক বোর্ডের প্রধান করা হতে পারে, এমন সম্ভবনার কথাও শোনা যাচ্ছে শাসক বা বিরোধী দুই শিবিরের পাশাপাশি রাজনৈতিক মহলেও। 

Advertisement

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, শাসক ও বিরোধী দু’পক্ষেরই এখন অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে। শহরের বাসিন্দাদের কাছে কোনও দলের  রাজনৈতিক নেতাই তেমন গুরুত্ব পাচ্ছেন না। হলদিয়ায় পুর নির্বাচন না হওয়ায় আড়াই বছরের বেশি সময় কোনও পুর বোর্ড নেই। গত লোকসভা ভোটে পুরএলাকায় ১৪ হাজার ভোটে পিছিয়ে তৃণমূল। পুনরায় টিকিট না পাওয়ার আশঙ্কায় সিংহভাগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের সংগঠন বা এলাকার কাজ নিয়ে গাছাড়া মনোভাব রয়েছে বলে অভিযোগ। বিধায়ক নেই, পুরবোর্ড নেই, ফলে জনসংযোগ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে শাসকদলের নেতাদের দাবি। অন্যদিকে, বিজেপি বিধায়ককে নিয়েও হলদিয়ার সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। অভিযোগ, বিজেপি বিধায়ক কোনও এলাকায় যান না, দামি গাড়িতে ঘুরে বেড়ান, বিধায়ক তহবিলের অর্থও ঠিকমতো খরচ করতে পারেননি, শ্রমিকদের পাশে থাকেন না। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্দর শহরে পদ্মশিবিরের অন্দরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, স্বীকার করছেন বিজেপির নেতা-কর্মীরাই।
হলদিয়ায় পদ্মশিবির সূত্রে খবর, বিজেপি বিধায়ক দলে কোণঠাসা হয়ে পড়েছেন। সেজন্য দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তাঁর ঘনিষ্ঠ নেতা-কর্মীদের সেই ইঙ্গিত দিয়েছেন বলেও খবর মিলেছে। শহরের পাঁচজন মণ্ডল সভাপতির মধ্যে একজন ছাড়া বাকিরা পদ্ম শিবির ছাড়তে রাজি নন বলে বিধায়ককে স্পষ্ট জানিয়েছেন। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলবদলের ওই গুঞ্জনকে আরও ইন্ধন দিয়েছে বিধায়কের বাড়ির দেওয়াল থেকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম মুছে ফেলার ঘটনায়। বিধায়ক তাপসী মণ্ডল বলেন, যাঁরা ওই প্রচার করছেন, তাদের জিজ্ঞেস করলেই উত্তর মিলবে। আমি এনিয়ে কোনও কথা বলব না। 
তবে প্রচারে কান দেবেন না। কেউ বা কারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ওই প্রচার করছেন। হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল বলেন, এধরনের গুঞ্জন আমার কানে এসেছে। কে কোথায় যোগদান করবেন, তা রাজ্য নেতৃত্ব ঠিক করবেন। বিজেপির দলবদলু বিধায়কের ফের দলবদল করে তৃণমূলে যোগদানের গুঞ্জনে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে, পুরসভায় প্রশাসক বোর্ড নিয়েও মুখ খুলতে রাজি নন প্রাক্তন পুর প্রধান সুধাংশু মণ্ডল। তিনি বলেন, রাজ্য নেতৃত্বের এবিষয়ে সিদ্ধান্তই চূড়ান্ত। হলদিয়ার শহর তৃণমূলের এক নেতা বলেন, প্রশাসক বোর্ড গঠনের প্রস্তাবে রাজ্য নেতৃত্বের সায় নেই। বরং প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের উপর রাজ্যের আস্থা রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ