নিজস্ব প্রতিনিধি, বারাসত: গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগই ছিল বিজেপির অন্যতম প্রধান অস্ত্র। দলের নেতাদের মুখে ‘তোলাবাজ-তৃণমূল’ কথাটা আকছার শোনা যেত তখন। পালাবদলের পর এবার নিজের দলের তোলাবাজদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হলেন খোদ বিজেপি বিধায়ক। সেই তোলাবাজি যে শুধুমাত্র ব্যবসায়ী-দোকানদারে সীমাবদ্ধ নয়, তা নেমে এসেছে টোটোচালক পর্যন্ত, তাও কার্যত স্বীকার করেছেন বিধায়ক। বুধবার হাবড়ায় কাপড়ের হাটে তোলাবাজির বিরুদ্ধে বিধায়ক দেবদাস মণ্ডলকে মাইক ফুঁকে প্রচার করতে দেখা গিয়েছে। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। বিরোধীরা এই সুযোগ হাতছাড়া করতে নারাজ। তারা ‘তোলাবাজি’ নিয়ে প্রতি পদে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিকে।
উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র হিসাবে পরিচিত হাবড়া শহর। সেই হাবড়ায় ভোটে জিতলে তোলাবাজি সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দেবদাস মণ্ডল। তিনি রাজ্যের প্রভাবশালী তথা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে হারিয়েছেন। তবে পালাবদলের পর হাবড়া জুড়ে তোলাবাজি সংস্কৃতি আগের তুলনায় আরও বেড়েছে বলে অভিযোগ। স্তর অনুযায়ী বিজেপি নেতা-কর্মীদের একাংশ ব্যবসায়ী থেকে টোটো-অটোচালক কাউকেই ছাড়ছে না। সব দিক থেকেই তোলা আদায় চলছে বলে অভিযোগ। দু’দিন আগে দলের কর্মীদের একাংশ তোলাবাজি করছে বলে নিজেই উষ্মা প্রকাশ করেছিলেন দেবদাসবাবু। তাঁর নাম করে কেউ তোলাবাজি করলে, কলার ধরে থানায় নিয়ে যাওয়ারও নিদান দিয়েছিলেন তিনি। বুধবার সকালে হাবড়ার জয়গাছি সংলগ্ন সুতিবস্ত্র হাট ও হাট সংলগ্ন অলিগলিতে মাইক ফুঁকে তোলাবাজির বিরুদ্ধে প্রচার করেন দেবদাসবাবু। বলেন, ‘রসিদ ছাড়া কাউকে এক টাকাও দেবেন না। আমি সবাইকে স্পষ্ট বলছি, কেউ আমার নাম করে তোলাবাজি করলে আমাকে জানান। অভিযুক্তের মালাই চাকি ভেঙে দেব।’ এমনকি, তোলাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে থানায় অভিযোগ দায়ের করারও আবেদন জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবদাসবাবু বলেন, ‘হাবড়ায় আমি কাউকে এক টাকাও তোলা তুলতে দেব না। কেউ তোলাবাজি করলে আমি থানায় অভিযোগ করতে বলেছি। আমার কাছে খবর এলে, তিনি যেই হন না কেন, তাঁর মালাইচাকি ভেঙে দেব। তিনি আমার দলের কর্মী হলেও’। এই প্রসঙ্গে সিপিএমের হাবড়া এরিয়া কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত বলেন, দলের কারা তোলাবাজি করছেন, বিধায়ক সব জানেন। তাহলে থানায় না গিয়ে হাস্যকর সার্কাস করছেন কেন? হাবড়া শহর কংগ্রেসের সভাপতি প্রণব ভট্টাচার্য বলেন, বিধায়কের মাইক লাগিয়ে প্রচারের আড়ালে কী হচ্ছে, তা হাবড়াবাসী বুঝতে পারছেন। এসব লোক দেখানো নাটক। ক্ষমতা থাকলে নিজের দলের তোলাবাজদের নামে থানায় এফআইআর করুন। নিজস্ব চিত্র



