নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গলে শেষ অস্কার জমানা। শনিবার সোশ্যাল সাইটে পোস্ট করে স্প্যানিশ কোচ তা জানিয়ে দিলেন। উল্লেখ্য, আইএসএলের মাঝপথেই অস্কার বলেছিলেন, মরশুম শেষে দল ছাড়বেন তিনি। কিন্তু লাল-হলুদের পরবর্তী কোচ কে? সূত্রের খবর, দৌড়ে এগিয়ে আন্তোনিও লোপেজ হাবাস। চর্চায় রয়েছে মানোলো মার্কুয়েজের নামও। দু’জনেই লাল-হলুদের দায়িত্ব নিতে বিশেষ আগ্রহী। এর মধ্যে হাবাস মোহন বাগানের কোচিং করিয়েছেন। আইএসএলের অন্যতম সফল কোচ তিনি। তাঁর কোচিংয়েই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রাখে ইন্টার কাশী। যুদ্ধকালীন তৎপরতায় কোচ নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে চাইছেন লাল-হলুদ কর্তারা। এরপর নতুন কোচের পরামর্শ মেনেই বিদেশি ফুটবলার নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পাঞ্জাব এফসি’র বিদেশি মিডিও দানি রামিরেজকে সই করিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
এদিকে, শনিবার ফেডারেশনের স্পেশাল জেনারেল মিটিংয়ে একাধিক প্রস্তাব গৃহীত হয়। আইএসএলে প্রথম একাদশে ৩ বিদেশি খেলানোর পাশাপাশি একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের নিয়ম চালু করতে আগ্রহী সর্বভারতীয় ফুটবল সংস্থা। এর আগে প্রতি দলে ৪ জন বিদেশিকে মাঠে নামানোর নিয়ম চালু ছিল। তবে নতুন ভাবনায় বেশ কিছু ক্লাব আপত্তি জানিয়েছে। ইতিমধ্যেই ৫ বিদেশি চূড়ান্ত মোহন বাগানে। প্রথম একাদশে একজন ভারতীয় স্ট্রাইকার খেলানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। জাতীয় দলে স্ট্রাইকারের অভাব পূরণই লক্ষ্য। কিন্তু ৯০ মিনিট তাদের মাঠে রাখার বিষয়ে স্পষ্টতই বিরক্ত বেশিরভাগ ক্লাব। তাদের দাবিও অযৌক্তিক নয়। এই মুহূর্তে ভালো মানের ভারতীয় স্ট্রাইকারের অভাব প্রকট। তার উপর অনেকেই দলগঠন শুরু করে দিয়েছে। তাই এত দেরিতে ফেডারশনের প্রস্তাব আনা একেবারেই যুক্তিহীন। বরং সময় নিয়ে এই নিয়ম চালু করা উচিত। পাশাপাশি ফেডারেশনের নাম বদলে ফুটবল ফেডারেশন অব ভারত চালু করতে চায় এআইএফএফ। জাতীয় ক্রীড়া নীতি ফেডারেশনের সংবিধানে লাগু করা হচ্ছে। নিয়ম মেনে প্রতিটি রাজ্য সংস্থাকে নির্বাচন সেরে ফেলতে হবে।