প্রান্তিক আক্রমণের ঝড়েই বাজিমাতের আশায় হাবাস
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: সন্ধ্যা তখনও নামেনি। তবে রাজারহাট সেন্টার অব এক্সেলেন্স মাঠের বাতিস্তম্ভগুলি জ্বলে উঠেছে। চারদিকে সেভাবে কোনো জনবসতি না থাকায় শীতের আগাম আমেজও টের পাওয়া যাচ্ছে ভালোই। তারমধ্যেই মাঠের বাইরে হাজির জনা কয়েক লাল-হলুদ সমর্থক। সকলের একটাই আবদার, রবিবারের ডার্বি জিততে হবে। ইস্ট বেঙ্গল কোচ হাবাস অবশ্য যাবতীয় আবেগ ভুলে বড়ো ম্যাচে মনঃসংযোগ করছেন। আসলে আইএসএলের ইতিহাসে এখনও ডার্বি জেতেনি লাল-হলুদ ব্রিগেড। মর্যাদার লড়াইয়ে ১১ বারের সাক্ষাতে ৯বারই শেষ হাসি হেসেছে মোহন বাগান। বাকি দু’টি ড্র। ফলে রবিবার যুবভারতীতে পরিসংখ্যান বদলের লক্ষ্যেই নামছে হাবাস ব্রিগেড।

Advertisement

চার্চিল ব্রাদার্স ও ইন্টার কাশীকে গোলের মালা পরিয়ে আইএসএলের শুরুটা দারুণ করেছিল ইস্ট বেঙ্গল। তবে এরপরই ছন্দপতন। একটা সময় সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৪টি ম্যাচে জয় অধরা ছিল হাবাস ব্রিগেডের। তবে এসিএল টু’তে গত ম্যাচে জর্ডনের আল হুসেইনকে হারিয়ে ফের ট্র্যাকে ফেরে মশাল বাহিনী, যা ডার্বির আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ডেভিডদের। কোচ হাবাস অবশ্য রবিবারের মহারণকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন।
আইএসএলের প্রথম বড়ো ম্যাচের আগে দুই শিবিরই চোট আঘাতে জর্জরিত। চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা অভিষেক টেকচামকে ছাড়াই দল সাজাতে হবে মোহন বাগান কোচ পানোসকে। ফলে রাইট উইং-ব্যাকে মেহতাব সিংকে রেখে দল সাজাবেন তিনি। একইসঙ্গে বাঁ প্রান্তেও শুভাশিসের পারফরম্যান্স নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। যা নজর এড়ায়নি লাল-হলুদ কোচের। রবিবারের মহারণে বিপক্ষের সবচেয়ে দুর্বল জায়গা উইং-ব্যাকেই আঘাত করতে চান অভিজ্ঞ স্প্যানিশ কোচ। তাই তো শনিবার শেষ মহড়ায় দীর্ঘ সময় উইং থেকে আক্রমণ শানানোর উপর জোর দিলেন হাবাস। রামিরেজ, ডেভিড, বিপিন ও লোবা— এই চতুর্ভুজে ভর করেই মোহন বাগানের দুর্গে ফাটল ধরাতে মরিয়া হাবাস। অনুশীলনেও তার আভাস মিলল। মাঝমাঠে বল ধরেই দুই উইংয়ে একের পর এক পাস বাড়ালেন রামিরেজ। তা থেকে বিপিন, ডেভিডের ঠিকানা লেখা সেন্টার খুঁজে নিল লোবাকে। আবার বিষ্ণু উইংয়ে আসতেই সেন্টার ফরোয়ার্ড পজিশনে ডেভিডকে জুড়ে দিলেন হাবাস।
এদিন একইসঙ্গে রক্ষণ মজবুতের উপরও নজর ছিল লাল-হলুদ স্প্যানিশ কোচ। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে গত দু’দিন সেভাবে অনুশীলন না করলেও, এদিন পুরোদমে প্রস্তুতি সারলেন জিভুলিচ। রবিবার আনোয়ারের অনুপস্থিতিতে মোহন বাগানের শক্তিশালী আপফ্রন্টকে শান্ত রাখার গুরুদায়িত্ব পালন করতে হবে তাঁকে। সেন্ট্রাল ডিফেন্সে তাঁর সঙ্গী সদ্য স্যাফ কাপে দুরন্ত পারফর্ম করা সন্দীপ মান্ডি। তবে মোহন বাগানের মতো ইস্ট বেঙ্গলের উইং-ব্যাক নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। তাই মর্যাদার লড়াইয়ে এই দুর্বলতা ঢাকাই প্রধান চ্যালেঞ্জ হাবাসের।
সম্ভাব্য একাদশ: লাচেনপা, লালচুংনুঙ্গা, সন্দীপ, জিভুলিচ, জয়, জিকসন, রশিদ, ডেভিড, রামিরেজ, বিপিন ও লোবা।