রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হাবাস
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: ম্যাচ আসে ম্যাচ যায়, আইএসএল ডার্বিতে ইস্ট বেঙ্গলের হাল আর বদলায় না। গতবার শিরোপা জয়ের বছরেও চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে ব্যর্থ ছিলেন রশিদরা। আশা ছিল, কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে হয়তো নতুন ইতিহাস গড়বে মশাল বাহিনী। কিন্তু ৯০ মিনিটে রেফারির লম্বা বাঁশির সঙ্গে আরও একবার হতাশাই সঙ্গী লাল-হলুদ জনতার। মুখে মুখে চলছে দোষারোপের পালা। আনোয়ার-জিভুলিচহীন ভঙ্গুর রক্ষণ নাকি মরশুমের মাঝপথে এসেও ফিট হতে না পারা বিদেশি স্ট্রাইকারদের ব্যর্থতা! রবিবার ডার্বি হারের একগুচ্ছ কারণ উঠে আসছে লাল-হলুদ শিবিরে। কোচের পছন্দ না হওয়ায় ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসেই কাটাচ্ছেন বরিস সিং, রেনিয়াররা। এরপরও ফাটা রেকর্ডের মতো স্প্যানিশ কোচ যাবতীয় ক্ষোভ উগরে দিলেন রেফারির উপরে।

Advertisement

ম্যাচ শেষে হাবাসের মন্তব্য, ‘আমাদের পারফরম্যান্স নিয়ে সবাই কাটাছেঁড়া করে। তবে কেউ কি বলতে পারবেন, আজকের রেফারিং কেমন ছিল? সকলকে মনে করিয়ে দিতে চাই, এই রেফারি চেন্নাইয়ে আমাদের বিরুদ্ধে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সেই একই রেফারিকে ফের ডার্বিতে দায়িত্ব দেওয়া হল। বাকিটা সবাই দেখেছে। দিনের পর দিন আমাদের বিরুদ্ধে অবিচার হয়ে চলেছে। এভাবে চলতে পারে না। এদিন একাধিক প্রতিকূলতা সত্ত্বেও ছেলেরা জীবন দিয়ে লড়াই চালিয়েছে। রেফারির জন্যই ডুবতে হল। ড্রেসিং-রুমে ছেলেরা কাঁদছে। তাদের আমি কী বলে সান্ত্বনা দেব! এভাবে চললে তো ক্রিসমাসের আগেই মোহন বাগান  লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে।’ 
এই হারের দায় এড়াতে পারেন না হাবাস। বিশেষত প্রতিপক্ষে সাহাল-মিগুয়েল না থাকা সত্ত্বেও মাঝমাঠে দখল নিতে ব্যর্থ রামিরেজরা। বিষ্ণু, লুকাসরা পরিবর্ত হিসাবে মাঠে নেমে সেভাবে দাগ কাটতে পারলেন কোথায়! হাবাসের সংযোজন, ‘ম্যাচের ফল আমরা বদলাতে পারব না। ১ গোলে হেরেছি। অনেক জায়গায় আমাদের ভুল ছিল। সেটা মেনে নিয়ে আমাদের এগতে হবে।’