সংবাদদাতা, কাঁথি: খেজুরির হেঁড়িয়ার বাসিন্দা এক প্রখ্যাত নৃত্যশিল্পীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সমীর পণ্ডা (৩৬) নামে ওই নৃত্যশিল্পীর বাড়ি হেঁড়িয়া সংলগ্ন ধ্বজিভাঙায়। রবিবার সন্ধ্যায় তাঁকে বাড়িতে কাপড়ের ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বাড়ির লোকজন বাঁধন খুলে দ্রুত হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় হেঁড়িয়া ফাঁড়ির পুলিস। পুলিস প্রাথমিকভাবে মনে করছে, ব্যক্তিগত কোনও বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন সমীর। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। নৃত্যশিল্পী (কোরিওগ্রাফার) হিসেবে খেজুরি তো বটেই, জেলা এবং জেলার বাইরেও সমীরের নামডাক ছিল। নিজের নামেই গড়ে তুলেছিলেন ‘সমীর ডান্স অ্যাকাডেমি’। সেখানে তিনি কত্থক, ভারতনাট্যম সহ সব ধরনের নাচ শেখাতেন। বহু ছেলেমেয়ে তাঁর কাছে নাচ শিখত। নৃত্যশিল্পী হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছিলেন। ‘নবধারা ট্রাস্ট’ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা গড়ে তুলেছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আগামী ১০ নভেম্বর কাঁথিতে তাঁর অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল। আকস্মিক ঘটনায় পরিবারের লোকজন বাক্যহারা। শোকস্তব্ধ প্রতিবেশী, আত্মীয়স্বজন সকলেই। সমীরের বাবা সত্যরঞ্জন পণ্ডা বলেন, ছেলে সকালে বোনের কাছে ফোঁটা নিতে গিয়েছিল। তারপর বাড়ি আসে। বিকেল পর্যন্তও তার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। সন্ধ্যায় এই ঘটনা। আমাদের সব শেষ হয়ে গেল।



