Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হু হু করে বাড়ছে ক্যান্সার, বর্ধমান মেডিক্যালে দিনে নতুন ২০-২৫ জনের চিকিৎসা

হু হু করে বাড়ছে ক্যান্সার, বর্ধমান মেডিক্যালে দিনে নতুন ২০-২৫ জনের চিকিৎসা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে প্রতিদিন ২০ থেকে ২৫জন ক্যান্সারে আক্রান্ত নতুন রোগী চিকিৎসার জন্য আসছেন। সম্প্রতি ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। নতুনদের পাশাপাশি ১৫০ থেকে ১৬০জন পুরনো রোগীও চিকিৎসার জন্য আসছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুপর্ণা ঘোষ বলেন, ছেলে-মেয়ে সকলেই বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
Advertisement
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই ক্যান্সার আক্রান্তর সংখ্যা বাড়ছে। সেই কারণে ক্যান্সারের চিকিৎসার জন্য কয়েকটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য ইউনিট খোলা হচ্ছে। বধর্মানের এক যুবক বলেন, কয়েক মাস আগে হঠাৎ করেই মায়ের ক্যন্সার ধরা পড়ে। অসুস্থ হওয়ার আগে কোনও কিছু হয়নি। বেশকিছু পরীক্ষার পর মাথায় ক্যান্সার ধরা পড়ে। বেসরকারি সংস্থায় কাজ করি। বেতনের টাকায় কোনওভাবে সংসার চলে। এখন মায়ের চিকিৎসা কীভাবে করাব তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি।  বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, কী কারণে ক্যান্সার আক্রান্তর সংখ্যা বাড়ছে, তা নিয়ে গবেষণা চলছে। সময়ে ক্যান্সার ধরা পড়লে অনেকটাই সুস্থ থাকা যায়। হাসপাতালে ইনডোর পরিষেবা চালু হলে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে। আর এক চিকিৎসক বলেন, আউটডোরে নতুন রোগীর সংখ্যা বৃদ্ধির একাধিক কারণ রয়েছে। অনেকেই বেসরকারি জায়গায় চিকিৎসা করান। খরচ সামলাতে না পেরে সরকারি হাসপাতালে আসেন। সরকারি খাতায় তিনি নতুন রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন। তবে এটাও ঠিক, বহু রোগী বাইরে কোথাও চিকিৎসা না করে সরাসরি হাসপাতালে আসছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ঝাড়খণ্ড থেকেও অনেকেই চিকিৎসা করাতে আসছেন। অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্যও অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। 
সম্পর্কিত সংবাদ