নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইনে টিকিট বিক্রির চার মিনিটের মধ্যেই ‘সোল্ড আউট।’ চলছে দেদার কালোবাজারি। ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম নিরাপত্তার চাদরে মোড়া। ভারতীয় টিম বাসের ছায়াসঙ্গী ছোটখাট বাহিনী। কনভয় তো রয়েইছে। এমন যুদ্ধ-যুদ্ধ আবহে মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। রাজনৈতিক ডামাডোলে এমনিতেই অস্থির পদ্মাপার। আদালত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর উত্তেজনা তুঙ্গে। অভিজ্ঞ মহলের ধারণা, আগুনে পরিস্থিতিতে দমকলের কাজ করতে পারে ভারতের বিরুদ্ধে জয়। অতএব তৈরি বাংলাদেশ। অন্যদিকে, মেগা ম্যাচের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। সোমবারও অস্ট্রেলিয়ান ফুটবল সংস্থার এনওসি পেলেন না রায়ান উইলিয়ামস। যদিও ভারতীয় কোচ খালিদ জামিলের মন্তব্য, ‘বাংলাদেশ আগের চেয়ে গোছানো। তবে আমরাও প্রস্তুত।’ উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ইতিমধ্যেই দুই দল বিদায় নিয়েছে। তাই বলে উন্মাদনায় কমতি নেই। জিতলে ফিফা র্যাঙ্কিংয়ে এগনোর সুযোগ থাকছে। গুরপ্রীতদের সামনে প্রেস্টিজ ফাইটের অদৃশ্য ডুয়েল ।



