Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুরপ্রীতের উচিত এবার ফুটবলকে বিদায় জানানো: দীপেন্দু বিশ্বাস

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের কাছে হার। চরম লজ্জায় মুখ পুড়ল ভারতীয় ফুটবলের।

গুরপ্রীতের উচিত এবার ফুটবলকে বিদায় জানানো: দীপেন্দু বিশ্বাস
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের কাছে হার। চরম লজ্জায় মুখ পুড়ল ভারতীয় ফুটবলের। খালিদ জামিল ব্রিগেডের এমন হতশ্রী পারফরম্যান্সের মূল্যায়নে বর্তমানের পাঠকদের জন্য কলম ধরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

Advertisement

ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি কোচ প্রদীপ ব্যানার্জি ও অমল দত্ত। তাঁদের সান্নিধ্যেই পেশাদার ফুটবলে আমার হাতেখড়ি। সেসময় জাতীয় দলে চুটিয়ে খেলছেন শিশির ঘোষ, আইএম বিজয়নের মতো স্ট্রাইকার। পরবর্তী সময়ে ব্রুনো কুটিনহো, বাইচুং ভুটিয়ার পাশাপাশি এই অধমও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। সেসময় মূলত ৪-৪-২ ফর্মেশনেই খেলা হত। গোলের জন্য স্ট্রাইকারদের উপরই ভরসা রাখতেন কোচেরা। তবে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে স্প্যানিশ ফুটবলের উত্থান রাতারাতি ভারতীয় ফুটবলের চিন্তাধারাই বদলে দেয়। এই পর্বে ‘ফলস নাইন’ ফর্মেশনে বিশ্বকাপ ও জোড়া ইউরো জেতে স্প্যানিশ আর্মাডা। আর তারপরই হঠাৎই বিশ্বের আর পাঁচটা পিছিয়ে পড়া দেশের মতো আমরাও ড্যাং ড্যাং করে স্প্যানিশ ফুটবলকে ফলো করতে শুরু করি। ফলে ভারতীয় ফুটবল থেকে পজিটিভ স্ট্রাইকারের ভাবনাটাই হারিয়ে যায়। আর ২০১৪ সালে আইএসএলের হাত ধরে দেশে ভিড় জমায় একঝাঁক স্প্যানিশ কোচ। তাঁরা মূলত সিঙ্গল স্ট্রাইকারে খেলতে পছন্দ করেন। আর সেই পজিশনে বিদেশি ফুটবলারই ভরসা। তার জেরে গত এক দশকে সেভাবে কোনও ভালো স্ট্রাইকার উঠে এসেনি ভারতীয় ফুটবলে। 
একজন প্রাক্তন ফুটবলার হিসেবে মঙ্গলবারের হার সত্যিই লজ্জার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে হার কখনওই মেনে নেওয়া যায় না। তারউপর দলটার নাম বাংলাদেশ। যারা গত ২২ বছরে আমাদের বিরুদ্ধে কোনও ম্যাচ জেতেনি। কিন্তু ভালো স্ট্রাইকারের অভাব আর কোচ খালিদ জামিলের ভুল সিদ্ধান্ত ভারতকে ডোবালো। মনে রাখতে হবে, ব্যক্তি স্বার্থের চেয়েও দেশের সম্মানকে সবসময় অগ্রাধিকার দেওয়া উচিত। সেখানে জাতীয় দলে মোহন বাগানের ফুটবলারদের না ডাকাটা সবচেয়ে বড় ভুল। এই দলে বিশাল কাইথ, লিস্টন কোলাসো, মনবীর সিংরা থাকলে চিত্রনাট্য অন্যরকম হলেও হতে পারত। গোলরক্ষক পজিশনে এবার গুরপ্রীতকে বিদায় জানানোর সময় এসেছে। মঙ্গলবার যেভাবে ওর আউটিংয়ের ভুলে গোল হজম করল ভারত, তা ক্ষমার অযোগ্য। এছাড়া নিখিল প্রভু, বিক্রম প্রতাপের মতো ফুটবলার কীভাবে জাতীয় দলের জার্সি পায়?  
আর এরকটা বিষয় না লিখলেই নয়। বিশ্বের সব প্রান্তেই ফুটবল মরশুম চলছে রমরমিয়ে। সেখানে আমাদের দেশে লিগ কবে শুরু হবে, কেউ জানে না। স্রেফ ম্যাচ প্র্যাকটিসের অভাবে ফিটনেসের দিক থেকেও ভারতকে টেক্কা দিয়েছে বাংলাদেশ। এবার অন্তত জাতীয় দলের জন্য সময় ব্যয় করুন ফেডারেশন কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ