নিজস্ব প্রতিনিধি, বরানগর: গুলির জবাব গুলিতেই হবে, রসগোল্লা খাওয়াবে না পুলিশ। যারা গুলি চালানো নিয়ে প্রশ্ন করছেন, দুঃখ-কষ্ট পাচ্ছেন, তারাই এইসব মানুষকে তৈরি করেছেন। আসানসোলে দুষ্কৃতীর পায়ে পুলিশের গুলি চালানোর বিষয়ে শুক্রবার বরানগরে এই কথা বলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে আলমবাজার ঘাটে মাছের চারা ছাড়ার অনুষ্ঠানে এসেছিলেন দিলীপবাবু। তিনি গঙ্গা দূষণ নিয়ে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর কথাও বলেন। এদিন মৎস্য দপ্তরের উদ্যোগে গঙ্গায় আড়াই লক্ষ মাছের চারা ছাড়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়ে গঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দিলীপবাবু। তিনি বলেন, গঙ্গাকে কেবল ‘মা’ বলে পুজো করলেই কর্তব্য শেষ হয়ে যায় না। সন্তানের মতোই নদীর প্রতি দায়িত্বশীল আচরণ করা জরুরি। সরকারি অর্থ ব্যয় যে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, তা-ও অকপটে স্বীকার করেন তিনি। দূষণের জেরে গঙ্গায় মাছের আকাল দেখা দিয়েছে, হারিয়ে যেতে বসেছে ডলফিনও। এই প্রসঙ্গে করোনা কালে লকডাউনের উদাহরণ টানেন দিলীপবাবু। বলেন, কলকারখানা বন্ধ থাকায় সেই সময় গঙ্গার জল অনেকটা স্বচ্ছ হয়েছিল। ফিরে এসেছিল মাছ ও ডলফিন। সরকার একা চেষ্টা করে নদীকে দূষণমুক্ত করতে পারবে না, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।



