Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

স্টোর কেন বন্ধ? আমেরিকায় বাবা-মেয়েকে গুলি করে খুন

স্টোর কেন বন্ধ? আমেরিকায় বাবা-মেয়েকে গুলি করে খুন
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন মুলুকে গুলি করে খুন করা হল বাবা ও মেয়েকে। গুজরাতের মেহসানা জেলার বাসিন্দা প্রদীপ প্যাটেল (৫৬) ও তাঁর মেয়ে ঊর্মি (২৪) ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে থাকতেন। সেখানে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন তাঁরা। বৃহস্পতিবার সকালে জর্জ ফ্রেজিয়ার ডেভন হোয়ার্টন নামে এক ব্যক্তি ওই স্টোরে মদ কিনতে আসেন। রাতে কেন স্টোর বন্ধ ছিল, তা নিয়ে অশান্তি শুরু করে জর্জ। এরপরই বন্দুক বের করে প্রদীপ ও ঊর্মিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের। হাসপাতালে মারা যান ঊর্মি। খুন, অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জর্জকে।

Advertisement

প্যাটেল পরিবার সূত্রে খবর, বছর ছয়েক আগে স্ত্রী হংসবেন ও মেয়েকে আমেরিকায় নিয়ে গিয়ে বসবাস শুরু করেন প্রদীপ। তাঁর আরও দুই মেয়ে রয়েছেন। একজন থাকেন কানাডায়। অপরজন আমেদাবাদে। যে ডিপার্টমেন্টাল স্টোরে প্রদীপ ও ঊর্মি কাজ করতেন, সেটির মালিক তাঁদেরই আত্মীয় পরেশ প্যাটেল। তিনি জানান, বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি এসেছিল। তাদের মধ্যে একজন হঠাত্ করেই গুলি চালিয়ে দেয়। বাবা-মেয়েকে খুনের ঘটনায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কয়েক মাস আগেই নর্থ ক্যারোলিনায় মায়াঙ্ক প্যাটেল নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন করা হয়েছিল। ডাকাতিতে বাধা দেওয়ায় তাঁকে প্রাণ দিতে হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ