নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাড়ে দশটায় অফিস। আর ‘সরকারি বাবুরা’ ঢোকেন সাড়ে বারোটায়! আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েতের ‘বাবুদের’ এহেন রোজনামচা তুলে ধরেছিল ‘বর্তমান’। সেই খবরের জেরে নড়েচড়ে বসল ব্লক প্রশাসন। আড়ংঘাটা পঞ্চায়েত তো বটেই, ব্লকের বাকি ১৩টি পঞ্চায়েতের কর্মীদেরও সময়ে অফিসে আসার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তা না মানলেই শাস্তি।
রানাঘাট ২ ব্লকের আড়ংঘাটা পঞ্চায়েত অফিসে পৌঁছে দেখা যায়, সাড়ে দশটার পরেও পঞ্চায়েত অফিস রীতিমতো ধু ধু মাঠ। প্রথম কর্মী ঢোকেন প্রায় সাড়ে এগারোটায়। আর পঞ্চায়েতের সচিব এবং ইএ-র মতো গুরুত্বপূর্ণ পদে থাকা সরকারি কর্মীরা আসেন সাড়ে বারোটায়! স্বাভাবিকভাবেই অফিস শুরু করতেই বেজে যায় দুপুর ১টা। প্রধানেরও আসার কোনও ঠিক ঠিকানা নেই। যদিও, সচিব মৈনাক চট্টোপাধ্যায় নিজে দাবি করেছিলেন, আবাসের জন্য তাঁকে নাকি ফিল্ড ঘুরে আসতে হয়েছে। তাই বিলম্ব। বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েতের প্রধান অনামিকা মণ্ডলকে ফোন করা হলেও তিনি ফোন তোলেনি। বিষয়টি নদীয়ার জেলা শাসক অরুণ প্রসাদের নজরে আসতেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। খবরটি প্রকাশিত হওয়ার পরদিনই আড়ংঘাটা পঞ্চায়েত সহ ব্লকের আরও ১৩টি পঞ্চায়েতের সমস্ত কর্মীদের ডেকে পাঠানো হয়। ব্লক প্রশাসন সূত্রের খবর, সমস্ত সরকারি কর্মীদের বুঝিয়ে দেওয়া হয়েছে রোজদিন দেরি করে অফিস আসা চলবে না। সময়ে অফিসে ঢুকতেই হবে। পঞ্চায়েতের কাজ শুরু করতে হবে নির্দিষ্ট সময়ে। ফিল্ডে যেতে হলেও অফিস একেবারে খালি রেখে যাওয়া যাবে না। বিশেষ কোনও কারণে বা পরিবারগত কারণে অফিসে ঢুকতে দেরি হতেই পারে। সেসব ক্ষেত্রে ছাড় থাকলেও যুক্তিযুক্ত কারণ দর্শাতে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মচারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের পরিষেবায় ঘাটতি হয় বা বাধাপ্রাপ্ত হয়, এমন কোনও কাজ করা যাবে না। এছাড়াও অনেক সরকারি কর্মীর ব্যবহার নিয়ে জনগণের অভিযোগ থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। এবার থেকে পঞ্চায়েতের সমস্ত কর্মীরা সঠিক সময় আসছেন কিনা তা জানতে খোদ রানাঘাট ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজেও সারপ্রাইজ ভিজিট করতে পারেন পঞ্চায়েতগুলিতে।
রানাঘাট ২ ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, ‘খবরটি আমাদের নজরে এসেছে। আমরা পরের দিনই প্রতিটি পঞ্চায়েতের কর্মীদের ডেকে বৈঠক করেছি। মানুষের পরিষেবা বিঘ্নিত হতে পারে, এমন কাজ করা যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সময় অফিস আসতে হবে বলে নির্দেশ দিয়েছি। আমি নিজেও এবার থেকে সারপ্রাইজ ভিজিট করব।’