সংবাদদাতা, চন্দননগর: চন্দননগর ও ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে যান চলাচলের উপর পৃথক নির্দেশিকা জারি করল চন্দননগর পুলিশ কমিশনারেট। ১৪-২০ নভেম্বর পর্যন্ত প্রতিমা দর্শন ও নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষ্যে চন্দননগর ও ভদ্রেশ্বর শহর এবং সংলগ্ন এলাকায় যানবানে চলাচলের প্রশ্নে এই নির্দেশিকা জারি থাকবে। তবে তারা বিকল্প রাস্তার কথাও জানিয়েছে। বলা হয়েছে, জিটি রোড, আরবিএস রোড, ডিচ রোড, চন্দননগর স্টেশন রোড, মানকুণ্ডু স্টেশন রোড, ভদ্রেশ্বর স্টেশন রোড, ডালহৌসির আগে শ্রীরামপুরের দিকে জিটি রোড, খাদিনা মোড়ের আগে চুঁচুড়ার দিকে জিটি রোড, দিল্লি রোড, চন্দননগর বাইপাস রোড ব্যবহার করতে পারবে গাড়িগুলি। নো-এন্ট্রি পয়েন্ট থাকবে কেষ্টপট্টি পোস্ট অফিস মোড়, ডালহৌসি জুট মিল, চন্দনপাড়া মোড়, ঘুঙির খাল, চণ্ডীতলা মোড় সহ ১৮টি জায়গায়।
নির্দেশিকায় গাড়ি পার্কিংয়ের জায়গাও উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, কেএমডিএ পার্ক (ভদ্রেশ্বর থানা), আম্রকুঞ্জ পার্ক ও আম্রপালি (মানকুণ্ডু স্টেশন রোড, ভদ্রেশ্বর থানা), অ্যাঙ্গাস পোস্ট অফিস মোড় সংলগ্ন মাঠ, নেতাজি স্টেডিয়াম টেকনো ইন্ডিয়া গ্রাউন্ড সহ কয়টি জায়গায় পার্কিং করা যাবে।



