Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬

রক্ষককেই ধাওয়া করে গুলি, চাঞ্চল্য এলাকায়

রক্ষককেই খুন। পাঞ্জাবের অমৃতসরে কর্তব্যরত এক সহকারী সাব ইনস্পেক্টরকে ধাওয়া করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়

রক্ষককেই ধাওয়া করে গুলি, চাঞ্চল্য এলাকায়
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর: রক্ষককেই খুন। পাঞ্জাবের অমৃতসরে কর্তব্যরত এক সহকারী সাব ইনস্পেক্টরকে ধাওয়া করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। শুক্রবার মধ্যরাতে ভগতানওয়ালা শস্য বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত পুলিশকর্মীর নাম হরজিৎ সিং। তরন তারন জেলার বাসিন্দা ছিলেন তিনি। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি হরজিৎ সিংকে অনুসরণ করছিল। এরপর সুযোগ পেয়েই খুব কাছ থেকে তাঁকে গুলি করে দুষ্কৃতিরা। একটি গুলি পিছন দিক থেকে এসে তাঁর ঘাড়ের পিছনের অংশে লাগে। ঘটনাস্থল থেকে .৩০ বোর পিস্তলের একটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল। হরজিৎ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মৃত এএসআই এর পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। নিজের কর্তব্যের প্রতি হরজিৎ সিংয়ের সাহস ও নিষ্ঠার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। 
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অমৃতসরে আরও এক এএসআই যশবন্ত সিংকে বাইকে আসা দুই ব্যক্তি গুলি করে হামলা চালিয়েছিল। সেই ঘটনায় তাঁর মাথা ছুঁয়ে গুলি বেরিয়ে যায় এবং সামান্য আহত হন তিনি। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসকদল আপ কে নিশানা করে বিজেপি এবং কংগ্রেস। পাশাপাশি এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ