নয়াদিল্লি: ‘জিটিএ হল জ্ঞানেশ থেফ্ট অ্যারেঞ্জার্স। আর দুই জিটিএ স্টার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পিএম-এইচএম জুটি এখন কী করছেন? এখনও শীতকালীন অধিবেশন শুরু না হওয়ার বিষয়টি কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। হয় মোদি-শাহ জুটি নিজেদেরই ধাপ্পাবাজি আর আস্ফালনের ফাঁদে আটকে পড়েছেন। নয়তো কোনো ষড়যন্ত্র করছেন।’ সোমবার এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
জনপ্রিয় ভিডিয়ো গেম গ্র্যান্ড থেফ্ট অটোর (জিটিএ) ষষ্ঠ সংস্করণকে হাতিয়ার করে কংগ্রেস-বিজেপির তরজা জারি। গেমটির পঞ্চম সংস্করণের সঙ্গে নতুন ভার্সানের তুলনা টেনে পূর্বের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে ঠেস দিয়েছেন নরেন্দ্র মোদি। অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, স্বচ্ছতা, মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ সহ একাধিক মাপকাঠিতে ইউপিএ ও এনডিএ সরকারের কাজের ফারাকও বোঝানো হয়েছে। এরইমাঝে শীতকালীন অধিবেশন কবে শুরু হবে, তা নিয়ে চর্চা তুঙ্গে। বিরোধীদের কথায়, ডিলিমিটেশনকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে থাকতে চায় বিজেপি। তাই মোটা টাকায় সাংসদ কেনার খেলা শুরু হয়েছে। যাতে শীতকালীন অধিবেশনেই বিল পাশ করানো যায়। যেভাবেই হোক সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করতে হবে। তাই পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হয়েছে আসন্ন অধিবেশন। এদিকে এসআইআর-কে কাজে লাগিয়ে ভোটারদের নাম বাদ সহ অভিযোগের তালিকা ক্রমবর্ধমান।
এনিয়েই এক্স হ্যান্ডলে সরব কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর কটাক্ষ, ‘এতদিনে গোটা দেশের জেনে যাওয়া উচিত সংসদের শীতকালীন অধিবেশন কবে শুরু হবে। দেশবাসীর জানা দরকার এখনও বর্ষাকালীন অধিবেশনই আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়নি। পুনরায় তা কবে শুরু হবে, সেটিও সামনে আসা উচিত। ডিলিমিটেশন বিল পাশ করাতে মোদি-শাহর ফর্মুলা ঠিক কী, তা জানার অধিকার রয়েছে আম জনতার। আসলে ‘জ্ঞানেশ থেফ্ট অ্যারেঞ্জার্সে’র দুই তারকার চক্রান্ত সামনে এসে গিয়েছে। সংসদ আগেই ক্ষতবিক্ষত। এই পৈশাচিক জুটির কার্যকলাপের জেরে সংসদের মর্যাদা আরও ক্ষুণ্ণ হচ্ছে।’



