সংবাদদাতা, কাটোয়া: গুসকরা শহরের বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পুরসভা। শহরজুড়ে একাধিক রাস্তা সংস্কার শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কারের জন্য মোট ২কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে পুরসভা। ১৬টি ওয়ার্ড নিয়ে মোট ১২কিমি রাস্তা সংস্কার করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, বেহাল রাস্তাগুলি সংস্কার করা হচ্ছে। জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে মোট ১৬টি ওয়ার্ড রয়েছে। শহরের এলাকা ক্রমশ বাড়ছে। বহুতল গড়ে উঠছে। বড় বড় শপিং মল গড়ে উঠেছে। শহরে জনসংখ্যাও বাড়ছে। কিন্তু শহরের ভিতরে বহু ঢালাই রাস্তা রয়েছে। সেগুলি বেশিরভাগই বেহাল হয়ে গিয়েছিল। কোথাও ঢালাই উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছিল। কোথাও আবার ছোটখাট গর্ত তৈরি হয়েছিল। রাস্তা ভেঙে জলকাদায় মাখামাখি হয়ে থাকত। বাসিন্দারা বহুবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন। রটন্তী কালীতলা থেকে হাটতলা পর্যন্ত রাস্তা সংস্কার করা হচ্ছে। হাটতলা থেকে বারোরারিতলা পর্যন্ত রাস্তার কাজও হচ্ছে। স্টেশন রোড থেকে পোস্ট অফিস রোডও বেহাল হয়ে গিয়েছিল। শহরের ১৪নম্বর ওয়ার্ডে আলুটিয়া প্রাথমিক স্কুল সংলগ্ন ঢালাই রাস্তা খুঁড়ে জলের পাইপলাইন বসানো হয়েছিল। সেই রাস্তা সংস্কার না হওয়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে। গুসকরা শহরের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে গিয়েছিল। কয়েক মাস আগে লাইনপাড় এলাকার ১২, ১৩ নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছিল। যার ফলে সেখানকার রাস্তাও বেহাল হয়ে গিয়েছিল। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেও বহু বাড়িতে জল ঢুকেছিল। শহরের ৩নম্বর ওয়ার্ডে রটন্তী কালীতলাও প্লাবিত হয়েছিল। শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে কুনুর নদী। শহরের ভৌগোলিক অবস্থান অনেকটা কড়াইয়ের মতো। শহরে বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে জল জমে গিয়েছিল। দীর্ঘদিন জলের তলায় রাস্তা ডুবে থাকায় আরও বেহাল হয়ে গিয়েছিল। তাই রাস্তাগুলি নতুন করে সংস্কার করা হচ্ছে। শহরের সিপিএম নেতা মনোজ সাউ বলেন, রাস্তা সংস্কারের নামে টাকা নয়ছয় করা হচ্ছে। কেউ দেখার নেই। ঢালাই রাস্তার উপরই বিটুমিনাস ঢালা হচ্ছে। একই রাস্তা দু’বার করে সংস্কার করা হচ্ছে।



