Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গুসকরা পুরসভার একাধিক রাস্তা বেহাল, সংস্কারের দাবি

গুসকরা পুরসভার একাধিক রাস্তা বেহাল, সংস্কারের দাবি
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গুসকরা পুরসভা এলাকার একাধিক রাস্তার ভাঙাচোরা অবস্থা। বেহাল রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। বৃষ্টি হলে সমস্যা আরও বাড়ে। টোটোচালকরাও যাত্রী নিয়ে যেতে সমস্যায় পড়ছেন। সকলেই চাইছেন, দ্রুত রাস্তা সংস্কার করা হোক। পুরসভার তরফে জানানো হয়েছে, নতুন বছরেই রাস্তা সংস্কারের কাজ করা হবে। 
Advertisement
শহরের ৩ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়েছে। আবার কোথাও পাথরকুচি ছড়িয়ে থাকছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিউটাউন থেকে বিহারীপাড়া অবধি এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। স্কুলপড়ুয়ারাও চলাচল করে। রাস্তা খারাপ হওয়ায় সমস্যা হচ্ছে। পুরসভা এলাকার একাধিক রাস্তার বেহাল অবস্থা। বিভিন্ন ওয়ার্ডের ভিতরের ঢালাই রাস্তা ভেঙে গিয়েছে। শহরে প্রায় ১৫কিলোমিটার রাস্তা খারাপ হয়ে রয়েছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের জন্য ব্যবস্থা নিক পুরকর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা স্বপ্না মাঝি বলেন, প্রায় দু’বছর ধরে রাস্তা খারাপ হয়ে রয়েছে। হাঁটতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আর এক বাসিন্দা শুভজিত্ দাস বলেন, রাস্তা খারাপের বিষয়টি সকলেই জানেন। কয়েকমাস আগে পুরসভাকেও জানানো হয়েছিল। কিন্তু এখনও রাস্তা সংস্কারের কাজ শুরু হল না। 
পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। এখন ওয়ার্ক অর্ডারের অপেক্ষা। আশা করা যায়, নতুন বছরের মার্চ মাসের মধ্যেই রাস্তা সংস্কারের কাজ শেষ করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ