সংবাদদাতা, কাটোয়া : মোমবাতির আলোয় গুসকরা শহরে রমরমিয়ে চলছিল জুয়া খেলার আসর। একটি বাড়ির ভিতরে দীর্ঘদিন ধরেই আসর চলত। তাসের আড়ালেই দেদার টাকা উড়ত। আচমকা পুলিসের অভিযানে পাকড়াও করা হয় পাঁচ জুয়াড়িকে। তাদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বিজয় সাউ, রাম সাউ, ভুলান মাজি, প্রশান্ত কুমার ঘোষ ও দীপক পাল। প্রত্যেকের বাড়ি গুসকরা শহরেই। বুধবার তাদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা শহরের ১০ নম্বর ওয়ার্ডে বালিকা বিদ্যালয়ের কাছাকাছি একটি বাড়িতে রাতের অন্ধকারে জুয়ার আসর বসে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে জুয়ার আসর বসত। অনেকেই সর্বস্বান্ত হয়ে যায়। গুসকরা ফাঁড়ির পুলিস খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে হানা দেয়। তখন মোমবাতির আলোয় জুয়া খেলা চলছিল। হাতেনাতে তাদের পাকড়াও করা হয়। পাশাপাশি সেখান থেকে নগদ ৪৫ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাস।



