Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোশালা মোড়ে রেললাইনের উপর তৈরি হচ্ছে উড়ালপুল, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় খুশি পুরুলিয়াবাসী

গোশালা মোড়ে রেললাইনের উপর তৈরি হচ্ছে উড়ালপুল, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় খুশি পুরুলিয়াবাসী
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অনুমোদন মিলেছিল আগেই। তবে নানা জটিলতায় প্রকল্পের কাজ আটকে ছিল। সেই জট কাটিয়ে এবার পুরুলিয়ার গোশালায় রেলওয়ে লেভেল ক্রসিংয়ের উপর নয়া উড়ালপুল নির্মাণ হতে চলেছে। এনিয়ে জমি জট কেটে গিয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, রেল লাইনের নীচে থাকা অজস্র তার, পুরুলিয়া পুরসভার জলের পাইপ লাইন সরানো সহ একাধিক কাজ এখনও বাকি রয়েছে। সেসব মিটিয়ে আগামী জানুয়ারি মাস থেকেই উড়ালপুল তৈরির কাজ শুরু হবে।
Advertisement
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, ‘গোশালায় একটি উড়ালপুল তৈরি হবে। শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে।’ রেলের আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার(কো অর্ডিনেশন)প্রেমপ্রকাশ কুমার বলেন, ‘উড়ালপুল তৈরির জন্য প্রায় ৪৯কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রাথমিক কাজ আমরা শুরু করে ফেলেছি। তবে উড়ালপুলের কাজ চলাকালীন যাতায়াতের জন্য পরিবর্তিত রাস্তাও তৈরি হবে। ডিসেম্বরের মধ্যেই আশা করি সেই কাজ শেষ হবে। তারপর জানুয়ারি থেকেই আমরা ওভারব্রিজ তৈরির কাজ শুরু করে দেব।’ পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি বলেন, ‘পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর গোশালায় একটি উড়ালপুল তৈরি হবে। রেল লাইনের তলা দিয়ে পুরসভার জলের পাইপ গিয়েছে। তা সরানোর জন্য রেল পুরসভাকে একটি চিঠি করেছিল। সম্প্রতি রেলের আধিকারিকদের সঙ্গে ওই এলাকায় আমরা যৌথ পরিদর্শন করি।’ তাঁর সংযোজন, ওই এলাকায় একটি আন্ডারপাস ও উড়ালপুলের দীর্ঘদিনের দাবি ছিল। আন্ডারপাস তৈরি হয়ে গিয়েছে। উড়ালপুল তৈরি হয়ে গেলে শহরের বাসিন্দারা ব্যাপক উপকৃত হবেন।
গোশালায় রেলের লেভেল ক্রসিংয়ে যানজটের সমস্যা দীর্ঘদিনের। সেই কারণে একটি উড়ালপুলের দাবি তুলছিলেন বাসিন্দারা। বিভিন্ন মহলেই বাসিন্দারা এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন। বাসিন্দাদের দাবি, শহরের জনসংখ্যা বাড়ার ফলে শহরের আয়তনও বৃদ্ধি পাচ্ছে। পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ক্যাম্পাসও গড়ে উঠেছে হাতুয়াড়ায়। যা রেলফটকের ওপারে। ইতিমধ্যেই পুরাতন ক্যাম্পাস থেকে একাধিক বিভাগ সরে গিয়েছে নতুন ক্যাম্পাসে। কিন্তু, রেললাইনের দু’পারে দু’টি ক্যাম্পাস থাকায় এবং দিনের নানা সময়ে রেলফটক বন্ধ থাকায় প্রায়ই ভোগান্তি পোহাতে হয় রোগী-সহ পরিজনদের। সেই কারণেই উড়ালপুল নির্মাণের দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। 
তবে, হাসপাতালের এই সমস্যা মেটাতে গোশালা মোড়ে একটি আন্ডারপাস তৈরি হরেছে। সেই আন্ডারপাস দিয়ে শুধুমাত্র বাইক, টোটো, অটো, ছোট চারচাকা গাড়িই যাতায়াত করতে পারবে। বড় বড় ট্রাক যাওয়া সম্ভব নয়। সেই কারণে যানজটের স্থায়ী সমাধান হিসেবে উড়ালপুল নির্মাণ অত্যন্ত প্রয়োজন ছিল বলে দাবি বাসিন্দাদের। আন্ডারপাস তৈরি হয়ে গেলেও সংযোগকারী রাস্তা নির্মাণের কাজ শুরু হয়নি এখনও। তাই আন্ডারপাসও চালু করা যায়নি। 
রেল সূত্রের খবর, উড়ালপুল তৈরির পাশাপাশি দু’দিকে সার্ভিস রোডও তৈরি হবে। কাজ শেষ হতে প্রায় ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
সম্পর্কিত সংবাদ