Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গেরুয়াতে মোহ নেই! লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যপূরণে সন্দিহান বিজেপি

গেরুয়াতে মোহ নেই! লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যপূরণে সন্দিহান বিজেপি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সদস্য সংগ্রহ অভিযানে নেমে রীতিমতো বেকায়দায় পদ্মশিবির। অনলাইনে সদস্য সংগ্রহ বাংলায় দেরিতে শুরু হলেও বড় লক্ষ্যের জন্য ঝাঁপিয়েছে রাজ্য বিজেপি। এক কোটি সদস‌্য সংখ্যার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কিন্তু তার ধারে কাছে পৌঁছনো সম্ভব হবে না বলেই মত গেরুয়া শিবিরের নেতাদের। প্রতিটি জেলায় পৃথক লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের তিনটি সাংগঠনিক জেলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বহরমপুর লোকসভা কেন্দ্র। এখানে বিজেপির সাংগঠনিক জেলাকে এক লক্ষ সদস্য সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর সদস্যপদ সংগ্রহের শেষ দিন। হাতে মাত্র ১৮ দিন। এখনও পর্যন্ত বিজেপির তরফে ১৫ হাজার সদস্য সংগ্রহ সম্ভব হয়নি। লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্য পদ সংগ্রহ আদৌ সম্ভব হবে কি না, চিন্তায় রয়েছে পদ্ম নেতারা। 
Advertisement
সাধারণ মানুষকে দলের সদস্যপদ নেওয়ার জন্য অনুরোধ করছেন বিজেপি নেতারা। কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ মানুষ। তাই আত্মীয়-স্বজন থেকে চেনা পরিচিত ব্যক্তিদেরকেও জোর করিয়ে সদস্যপদ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন অনেক নেতারা। কেউ কেউ পরিচিতদের ফোন নিয়ে জোর করে অনলাইনে সদস্যপদের ফর্ম ফিলাপ করছেন। এভাবেই জোর করিয়ে সদস্যপদ দেখিয়ে নাম কিনতে চাইছে অনেক নেতাই। এভাবেই নভেম্বর শেষে সদস্যপথ সংগ্রহে একটা সম্মানজনক সংখ্যায় পৌঁছতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু তারপরেও লক্ষ্যমাত্রার অর্ধেক সদস্যপদ দেখানো সম্ভব নয় বলে মনে করছে বঙ্গ বিজেপির একটা বড় অংশ। বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করছি। এক লক্ষ টার্গেট তো মুখের কথা নয়। এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার সদস্য করতে পেরেছি। ৩০ নভেম্বর পর্যন্ত সময়। জানিনা শেষ পর্যন্ত কত সদস্যপদ সংগ্রহ হবে। জানা গিয়েছে, জেলার প্রতিটি মণ্ডল সভাপতি ও কমিটির সদস্যদের ১০০ জন  করে সদস্য  তৈরির জন্য টার্গেট দেওয়া হয়েছে। জেলার নেতাদের কথায় তাঁরাও সদস্য খুঁজতে গিয়ে বেকায়দায় পড়েছেন। শুধু নিচুতলার নেতা নয়, বিধায়কদের পাঁচ হাজার করে সদস্য সংগ্রহের জন্য বলা হয়েছে। বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, সদস্যপদ সংগ্রহের দিক থেকে অন্যান্য জেলার তুলনায় আমরা ভালো । বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মিলিয়ে মোট দেড় লক্ষের বেশি সদস্যপদ সংগ্রহ হয়েছে। তবে হরিহরপাড়া, ডোমকল, রানিনগর, জলঙ্গি বিধানসভা এলাকায় উল্লেখযোগ্যভাবে সদস্য পাচ্ছি না।  বিজেপির নিচু তলার নেতাদের অবশ্য দাবি, আমাদের জন্য জেলার নেতারা টার্গেট বেঁধে দিয়েছেন। কিন্তু নিজেরাই তো কোনও সদস্য পদ সংগ্রহ করতে পারছেন না। চেনা পরিচিতদের ফোন করে জোর জবরদস্তি সদস্যপদ সংগ্রহ করার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার (ডেভিড) বলেন, মুর্শিদাবাদের মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে আছে এবং থাকবে। তাই ধীরে ধীরে বিজেপি পার্টিটা এই জেলা থেকে উঠে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ