গুরু শিষ্য পরম্পরার ঐতিহ্যের এক বর্ণময় অনুষ্ঠানের সাক্ষী থাকলেন কলকাতার দর্শক। সম্প্রতি জ্ঞানমঞ্চে আয়োজিত এক মনোরম নৃত্য সন্ধ্যায় গুরু বিজয় শঙ্করজিকে শ্রদ্ধা অর্পণ করলেন তাঁর ছয় শিষ্যা। অনুষ্ঠানের শুরুতে গুরুবন্দনা নিবেদন করেন তাঁরা। এরপর যৌথ ভাবে গুরুর শেখানো ‘চার তাল কি সওয়ারি’ পরিবেশন করেন। কখনও একক, কখনও বা সমবেত নৃত্য প্রদর্শন করে গুরুতর্পণ করেন শিল্পীরা। এদিন একক নৃত্য প্রদর্শন করেন রিনা পাইন। তবলাবাদক সুবীর ঠাকুরের সঙ্গে তাঁর সওয়াল জবাব পর্বটি দর্শকরা উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানে শিল্পীকে সরোদ ও কণ্ঠে সহযোগিতা করেন সুনন্দ মুখোপাধ্যায় ও জয়দীপ সিনহা। এছাড়াও উস্তাদ রশিদ খানের গাওয়া ‘তুম সঙ্গ লগি নজরিয়া’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন ইভা সেন। সমবেত ভাবে শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের কোরিওগ্রাফিতে ‘ফাইভ এলিমেন্টস’, সায়নী চাওড়ার ‘মহা রাস’ দর্শকদের মুগ্ধ করে।
অপর্ণা তাঁতী



