সংবাদদাতা, কালিয়াগঞ্জ: গণপ্রহারে জখম যুবকের মৃত্যুতে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম রাকেশ সরকার। বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের রঘুনাথপুর এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিস। গত ১২ ডিসেম্বর রাতে কালিয়াগঞ্জের রাঁধুনিপাড়ায় বেশ কয়েকজন কন্যাযাত্রী দাঁড়িয়ে ছিলেন গাড়ির জন্য। সেসময় করণদিঘির বাসিন্দা বাইকচালক প্রশম মণ্ডল (২১) কন্যাযাত্রীর দু’জনকে ধাক্কা মারেন। এরপরই কন্যাযাত্রীরা প্রশমকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম বাইকচালককে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



