সংবাদদাতা, বর্ধমান: চড়া সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীর ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি লগ্নি সংস্থার এজেন্টকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম গুলজার আলি মোল্লা। রায়না থানার মাছখাণ্ডা খালেরপুল এলাকায় তার বাড়ি। শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিতে তার বাড়িতে যায় পুলিস। নোটিস না নিয়ে সে পালানোর চেষ্টা করে। এরপরই তাকে পাকড়াও করে থানায় ধরে নিয়ে আসে পুলিস। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আত্মসাৎ করা টাকা উদ্ধার করতে এবং লগ্নি সংস্থার বাকিদের হদিশ পেতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। বিচারক ধৃতকে তিনদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।



