সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুর থানার দানগ্রাম এলাকায় ডাকাতির ছক বানচাল করে ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম গোলাপ মিয়াঁ (২৬), মহম্মদ সিন্টু (৩৬), মজিফুল নাদাপ (২৩), আজাদ মিয়াঁ (২৪)। চারজনেরই বাড়ি মালদহ জেলায়। গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে দানগ্রাম মার্কেট এলাকায় পৌঁছয় হরিরামপুর থানার বিশাল পুলিস বাহিনী। ৬ থেকে ৭ জনের একটি দুষ্কৃতী দল এলাকায় তাদের রণকৌশল তৈরি করছিল। পুলিসকে দেখেই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু নিয়ে চারজনকে ধরতে সক্ষম হয় হরিরামপুর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে একটি হাঁসুয়া, রড, চাকু ও দড়ি উদ্ধার হয়েছে। বাকি দুষ্কৃতীরা পালিয়ে যায়। এদিন ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে দানগ্রাম এলাকায় ডাকাতি ছক কষে কিছু বহিরাগত দুষ্কৃতী। আমরা চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি।



